ঝিনাইদহ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে শতাধিক বাড়িঘর।
সোমবার সকালে উপজেলার কামান্না ও বাইহুদা গ্রামে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থক দুই পক্ষের মধ্যে এই সংঘাত বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
আহত সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাখন এবং বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন শত্রুতা চলে আসছে।
দুই পক্ষের মধ্যে গত কয়েক দিন ধরে ছোটখাট কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাতে এক বৈঠকে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করা হলেও সোমবার ভোর থেকে তারা সংঘর্ষে লিপ্ত হয় বলে ওসি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার জন্য দু’পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
মাখনের সমর্থক খুরশিদা পারভিন দাবি করেন, পুলিশের উপস্থিতিতে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করা হয়েছে।
তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫০ ঘ.
bdnews24