চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে চট্টগ্রামে অনশনে বসেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনের ফুটপাথে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা অনশনে বসেন।
অনশন কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর সহ-সভাপতি শামসুল আলম, বিএনপিনেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
রাজধানীতে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ (আবুল বাশার মিলনায়ন) প্রাঙ্গনে গণঅনশন শুরু করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট। এতে যোগ দিয়েছেন বিএনপি চেয়াপার্সন খালেদা জিয়া।
বিএনপি জানিয়েছে, বিকাল পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে।
অনশন কর্মসূচিস্থলের আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ১৮ নেতাকে বুধবার কারাগারে পাঠানো হলে পরদিন হরতালের ডাক দেয় বিরোধী দল। এই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এই গণঅনশন কর্মসূচিসহ তিন দিনের কর্মসূচি চূড়ান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১১৪৫ ঘ.
bdnews24