ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের হরতালের দিনগুলোতে বিএনপির সংসদ সদস্যদের সংসদ ভবন প্রাঙ্গণে মিছিল-সমাবেশ করতে দেখা গেলেও বৃহস্পতিবার এই চিত্র দেখা যায়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই হরতালে বিএনপির সংসদ সদস্যরা ছিলেন নয়া পল্টনের দলীয় কার্যালয়ে।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রীর নির্দেশে আমরা আজ পার্টি কার্যালয়ে আছি।”
হরতালের মামলায় বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই এখন কারাগারে রয়েছেন, অন্য হরতালে যাদের দলীয় কার্যালয়ে সক্রিয় দেখা যেত।
নয়া পল্টনে সংসদ সদস্যদের মধ্যে ছিলেন বরকত উল্লাহ বুলু, মজিবুর রহমান সরোয়ার, আব্দুল মোমিন তালুকদার খোকা, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, নাজিম উদ্দিন আহমেদ, মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠানের কারণে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের পক্ষ থেকে বিকালে ‘সমুদ্রজয়ে’ প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেওয়া হবে।
সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় সরকার সমর্থিত ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাসগুলো মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন এলাকায় পার্ক করে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএসটি/এমএমআর/এমআই/১৬২৫ ঘ.
bdnews24