চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় অলি আহমদসহ বিরোধীদলীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করেছে এলডিপিকর্মীরা।
এলডিপি সভাপতি অলিসহ বিএনপির শীর্ষ পর্যায়ের ৩৩ নেতার জামিন আবেদন নাকচ করে বুধবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার একটি আদালত।
এই খবর পাওয়ার পরপরই বেলা আড়াইটার দিকে অলির নির্বাচনী এলাকা চন্দনাইশে এলডিপিকর্মীরা মহাসড়কের চারটি পয়েন্টে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
এর ফলে সড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, দোহাজারী, বাগিচা হাট, রৌশনহাট ও খাঁর হাটে এলডিপিকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে।
চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে।
বেলা সাড়ে ৩টা পর্যন্ত অবরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬০৫ ঘ.
bdnews24