২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক ছাড়া পদ্মা সেতু নয়: বিএনপি

মির্জা ফখরুল বলেছেন, এই প্রকল্পে বিকল্প অর্থ সংস্থানের ক্ষেত্রে শর্ত দেশের স্বার্থহানিকর হলে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে ‘অনিয়মে’ জড়িতদের শাস্তি দাবি করেছে বিএনপি। বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে থাকা এই প্রকল্পে অর্থায়নে বিকল্প উৎস সন্ধানের তৎপরতায় সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধী দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। “বিকল্প অর্থায়নের ক্ষেত্রে শর্ত দেশের স্বার্থহানিকর হলে বিএনপি ক্ষমতায় গেলে প্রকল্প বাতিল করে দেবে,” বলেছেন তিনি। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর অচলাবস্থা নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। বিএনপির মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বাইরে অর্থের বিকল্প উৎসের খতিয়ান এবং শর্তাবলি প্রকাশের দাবি করা হয়। দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করায় এই প্রকল্প আটকে গেছে। এরপর সরকার বিকল্প অর্থের উৎস হিসেবে মালয়শিয়ার সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক সই করেছে। ফখরুল বলেন, “বিশ্ব ব্যাংকের চাহিদা অনুযায়ী দুর্নীতির তদন্ত করে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার পরিবর্তে জনগণের স্বার্থ পরিপন্থী কঠিন শর্তযুক্ত বিকল্প উৎস হতে সেতু নির্মাণের অর্থের যোগান দেওয়া হলে তা দেশের স্বার্থের পরিপন্থী হবে বলে আমরা মনে করি।” “আমাদের অবস্থান স্পষ্ট, সরকার যদি বিকল্প উৎস থেকে কঠিন শর্তে অর্থায়নের ব্যবস্থা করে, তবে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তা বাতিল করবে,” বলেন তিনি। বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তা নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে। তবে প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ না পাওয়ার কথা তারা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে। মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অক্টোবর মাসেই পদ্মা প্রকল্পের কাজ শুরু হবে। তবে কাদের অর্থে পদ্মা সেতু নির্মাণ হবে, তা এখনো নিশ্চিত করে বলেনি সরকার। বিএনপির মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যে কোনো মূল্যেই ওই সেতুর কাজ শুরু করতে চাই। এই বক্তব্য থেকে বোঝা যায়, সরকার হয়ত বিকল্প কোনো উৎস থেকে অর্থ সংগ্রহের চিন্তা করছে। “আমরা দাবি জানাব, বিকল্প উৎস থেকে অর্থ যোগানের ব্যয় জনসমক্ষে প্রকাশ করে তার শর্তাবলি বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ অর্থের শর্তাবলির সমতুল্য কি না, তা পরীক্ষা করা হউক।” “যদি তা না করা হয়, তাহলে বুঝতে হবে, দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার বদলে বিকল্প উৎস থেকে অপেক্ষাকৃত কঠিন শর্তে অর্থ সংগ্রহ করে আবারো দলীয় লোকদের দুর্নীতির সুযোগ সৃষ্টি করে দেওয়াই সরকারের প্রধান উদ্দেশ্য,” বলেন ফখরুল। বিশ্ব ব্যাংকের অর্থে পদ্মা সেতু নির্মাণের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের ঋণে সুদের হার শতকরা এক ভাগেরও কম। অথচ অন্য উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলে তার সুদের হার ৬ ভাগের কম হবে না। এছাড়াও ঋণ প্রদানকারী দেশ হতে সব কিছু কেনার শর্ত যোগ হলে নির্মাণ ব্যয় দ্বিগুণের বেশি হতে পারে।” “এই বর্ধিত ব্যয় এবং সুদ আসল পরিশোধের দায় দেশের মানুষের ওপর বর্তাবে, যা দেশকে দীর্ঘ মেয়াদি সঙ্কটে ফেলবে। এই সঙ্কট দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সৃষ্টির সঙ্কটের চেয়েও গুরুতর হবে,” বলেন বিএনপি নেতা। বিশ্ব ব্যাংক দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তাতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সম্পৃক্ততা রয়েছে দাবি করে তার বিচার দাবি করেছে বিএনপি। নয়া পল্টনে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০১৫ ঘ.