২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের দাবি না মানলে গণঅভ্যুত্থান: ফখরুল

নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার দাবি না মানা হলে ‘সরকার পতনের’ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার দাবি না মানা হলে ‘সরকার পতনের’ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা আশা করি, আগামী ১০ জুনের মধ্যে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি মেনে নিয়ে ওই সময়সীমার মধ্যে ঘোষণা দেবেন। এই দেশ গণঅভ্যুত্থানের দেশ। দাবি না মানলে জনগণ জানে কীভাবে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হয়।” বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে দাবি আদায় না হলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ‘গুম-হত্যার বিরুদ্ধে’ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে ফখরুল বলেন, “সরকারের সংশ্লিষ্টতায় রাজনৈতিক নেতাদের জরবদস্তি গুম কিংবা নিখোঁজ করে দেওয়া হচ্ছে। এভাবে গত সাড়ে তিন বছরে ১২৭ জনকে গুম করা হয়েছে, যা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের চেয়ে কম নয়।” ইলিয়াস আলীর সন্ধান দাবিসহ গুম-হত্যার প্রতিবাদে ২০ মে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দেশের সব জেলায় অনশন করবে। ২৭ দিন ধরে নিখোঁজ ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে বলে অভিযোগ বিএনপির। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা এবং জোটের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ২৭ মে সারাদেশে বিক্ষোভ করবে ১৮ দল। বিরোধী দলের ওপর সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “একের পর এক ব্যর্থতা আড়াল করতে সরকার দমননীতির পথ বেছে নিয়েছে। একদিকে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। অন্যদিকে নিজেদের সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে।” সরকার ‘দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত’ দাবি করে তিনি বলেন, “পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে সরকারের দুর্নীতি বিশ্বব্যাংকের কাছে প্রমাণিত হয়েছে। দেশের পুঁজিবাজার ও ব্যাংকের অর্থ লুট করছে তারা। বিদ্যুৎখাত থেকে তারা কোটি কোটি লুট করছে।” জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘৯০ এর ছাত্র নেতৃবৃন্দ’ নামের একটি সংগঠনের উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান, সাবেক ছাত্র নেতা রহুল কবির রিজভী, কামরুজ্জামান রতনসহ গ্রেপ্তারকৃতদের মুক্তি ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি ও বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল খায়ের ভূঁইয়া, নাজিম উদ্দিন আলম, খোন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, সাইফুদ্দিন মনি, হাবিবুল ইসলাম হাবিব, শাম্মী আখতার বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫২১ ঘ.