ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মকৌশল ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক চলে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে আন্দোলনের মধ্যে এম ইলিয়াস আলীর অন্তর্ধাণ এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকের পর খালেদা ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন।
স্থায়ী কমিটির বৈঠকে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইলিয়াসের সন্ধান এবং নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিকালে ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমাবেশ করেছে। ওই কর্মসূচির পর রাতেই এই দুটি বৈঠক করলেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৪১ ঘ.
bdnews24