ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে বিকালে গণমিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ৪টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল শুরু হবে।
তিনি বলেন, “আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাব।”
“আমরা আশা করব, সরকার এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না, সহযোগিতা করবে”, যোগ করেন তিনি।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতারা এই গণমিছিলে অংশ নেবেন।
এর আগে গত ৩০ ফেব্রুয়ারি ঢাকায় সর্বশেষ গণমিছিল করে বিএনপি, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যার নেতৃত্ব দিয়েছিলেন।
এদিকে বিকালে জোটের গণমিছিলের পর সোমবার রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটি ও রাত সাড়ে ১০টায় জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল রাতে নিখোঁজ হওয়ার পর থেকে দলটি অভিযোগ করে আসছে, সরকারের লোকজনই তাকে ‘গুম’ করেছে। এই অভিযোগে গত মাসে দুই দফায় পাঁচ দিন হরতালও করেছে তারা।
২৯ এপ্রিল হরতালের সময় গাড়ি পোড়ানো এবং বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসামি করে দুটি মামলা করেছে পুলিশ, যার একটিতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
জোট নেতারা আগাম জামিনের জন্য উচ্চ আদালতে গেলেও তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ওই দুই মামলার পর থেকেই বিএনপি আর হরতাল না দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছে।
এদিকে সোমবারের গণমিছিলকে সামনে রেখে সকাল থেকেই নয়া পল্টন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যাক পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/১০৫০ ঘ.
bdnews24