ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একাত্তরে পরাজিত পাকিস্তানের স্বার্থরক্ষাকারীদের ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ প্রধান এই আহ্বান জানান। সভার বক্তা আওয়ামী লীগের অধিকাংশ নেতা মুখর ছিলেন বিএনপির সমালোচনায়।
শেখ হাসিনা বলেন, “পরাজিত শক্তির দোসর ও দালাল যারা, তারা যেন আর ক্ষমতায় যেতে না পারে।”
“আমরা স্বাধীনতা এনেছি। আমরাই ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌছে দেব,” বলেন তিনি।
আওয়ামী লীগ প্রধান বক্তব্যে পাকিস্তানি স্বার্থরক্ষাকারীদের নাম উচ্চারণ না করলেও গত ১৪ মার্চ বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে পাকিস্তানে পাড়ি জমানোর পরামর্শ দেন।
সেদিন খালেদার উদ্দেশ্যে হাসিনা বলেন, “পাকিস্তানের কাছ থেকে টাকা খেয়েছেন; ’৯১ এ খেয়েছেন, এখনো খাচ্ছেন। সেখানেই চলে যান। বাংলার মাটিকে কলুষিত করবেন না।”
মঙ্গলবারের সভায় শেখ হাসিনার আগে বক্তব্যে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফও বিএনপি চেয়ারপারসনকে পাকিস্তাানের ‘এজেন্ট’ আখ্যায়িত করেন।
দেশের উন্নয়নের জন্য স্বাধীনতার সপক্ষের শক্তিকে রাষ্ট্রক্ষমতায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “যারা পরাজিত শক্তির পদলেহন করে, পরাজিত শক্তির কাছ থেকে উৎকোচ নেয়, তারা ক্ষমতায় ছিল বলেই দেশের উন্নয়ন হয়নি।”
যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার বাস্তবায়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ইনশাল্লাহ, এই বিচারের রায় কার্যকর হবে। এটা একদিনের ব্যাপার নয়। অনেকে বিদেশে পালিয়ে আছে। দরকার হলে এই বিচার প্রজন্মের পর প্রজন্ম চলবে। আমরা শুরু করেছি। ভবিষ্যতেও চলবে, সে ব্যবস্থা করবো।”
বিএনপির আন্দোলনের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা বলে দাবি করেন তিনি।
একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা দিতে পেরে সন্তুষ্ট প্রধানমন্ত্রী বলেন, “এক কোটি শরণার্থী ভারতে ছিল। ভারতসহ বন্ধুপ্রতীম দেশগুলো শরণার্থীদের পাশে এসে দাঁড়ায়। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।”
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় বসে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেন জানিয়ে শেখ হাসিনা বলেন, “জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করে, বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়।”
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অনেক চেষ্টা হলেও তা সফল হয়নি জানিয়ে তিনি বলেন, “এখন আসল ইতিহাস বেরিয়ে আসছে। ইতিহাসকে কেউ ধামাচাপা দিয়ে রাখতে পারে না।”
আলোচনা সভার সভাপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
কারো নাম উল্লেখ না করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “যারা স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে টাকা নেয়, তাদের বলে গাদ্দার।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “সেদিন বেশি দূরে নয়, যেদিন যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জিয়াউর রহমানের বিচার হবে।”
জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিচয়ের চাকা ঘুরিয়ে দেন দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “জিয়া ১৯৭৬ সালের মে মাসে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের শুধু ক্ষমাই করেনি, তাদের বিচারের পথও বন্ধ করে দেয়।”
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়া অর্থ নিয়েছিলেন অভিযোগ করে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, “বাংলাদেশে খালেদা জিয়া ছাড়া পাকিস্তানের এজেন্ট আর কেউ নয়।”
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে নির্বাচনে জয়ী হওয়ার পর খালেদা জিয়াকে তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূতের মিষ্টি ও ফুল পাঠানোর বিষয়টি উল্লেখ করে হানিফ বলেন, “এক-এগারোর পর বাবর (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) সেনাবাহিনীকে বলেছিল, ২০০১ সালের নির্বাচনে খালেদা জিয়া পাকিস্তান থেকে একশ’ কোটি টাকা নিয়েছিলেন।”
১৯৯১ সালে বিএনপিকে আইএসআই অর্থ দিয়েছিল বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হলেও বিএনপি এ খবর ভিত্তিহীন বলে দাবি করে আসছে। বক্তব্যের সপক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও উল্লেখ করেছে বিরোধী দল।
এই প্রসঙ্গে হানিফ আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পাকিস্তানে অবস্থানের বিষয়ে ইসলামাবাদের অস্বীকারের বিষয়টি উল্লেখ করে বলেন, “পাকিস্তান তাদের এজেন্টদের রক্ষায় মিখ্যা তথ্য দিয়ে যাবে।”
গত বছর যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে নিহত ওসামার ইসলামাবাদে অবস্থানের খবর পাকিস্তান সরকার জানত বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি। তবে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে আসছিল।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার পরামর্শ দিয়ে বলেন, “সময় আর বেশি দিন নেই। এই সময়ের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “রাজনীতির সঠিক ধারায় না এলে আপনাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে।”
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোমতাজউদ্দিন মেহেদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৫৫ ঘ.
bdnews24