২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদেরও ‘দুটি জন্মদিন’

জাতীয় পার্টির চেয়ারম্যান ২০ মার্চ তার জন্মদিন উদযাপন করলেও তার দলের ওয়েবসাইট এবং বাংলাপিডিয়ার তথ্য, তার জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ মঙ্গলবার (২০ মার্চ) জন্মদিন পালন করলেও এই বিষয়ে ভিন্ন তথ্য রয়েছে তার দলের ওয়েবসাইটেই। জাতীয় পার্টির ওয়েবসাইটের পাশাপাশি বাংলাপিডিয়া ও উইকিপিডিয়ার দেওয়া তথ্যেও রয়েছে, এরশাদের জন্মতারিখ ১ ফেব্রুয়ারি। ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বনানীতে দলীয় কার্যালয়ে কেক কাটেন এরশাদ। নেতা-কর্মীরা ফুল দিয়েও শুভেচ্ছা জানায় তাকে। তবে কেক কাটার সময় কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ১৯৩০ সালে রংপুরে জন্মগ্রহণ করেন এরশাদ। মঙ্গলবার ৮৩ বছরে পা রাখলেন সাবেক এই সামরিক শাসক। জাতীয় পার্টির ওয়েবসাইটে (যঃঃঢ়://িি.িলধঃরুড়-ঢ়ধৎঃু.ড়ৎম) এরশাদের জীবনী অংশে তথ্য রয়েছে, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন তিনি। ১৮ মার্চ দুপুর ১টা ৪৩ মিনিটে ওয়েবসাইটটি সর্বশেষ হালনাগাদ (আপডেট) করা হয়েছে। উইকিপিডিয়া এবং বাংলাপিডিয়াতেও ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি এরশাদের জন্মগ্রহণের বিষয়টি উল্লেখ রয়েছে। এরশাদের দুটি জন্মদিনের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তো তিনিই (এরশাদ) ভালো বলতে পারবেন। আমার কাছে কেন এ বিষয়ে জানতে চাইছেন?” এরশাদের জন্মদিন নিয়ে কোনো বিতর্ক আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, “২০ মার্চই তার জন্মদিন। আমরা সবসময় ২০ মার্চ পালন করি।” এ বিষয়ে এরশাদের জনসংযোগ ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার্টিফিকেট অনুযায়ী এরশাদের জন্মদিন ১ ফেব্রুয়ারি। সকাল পৌনে ১১টায় বারিধারায় নিজের বাড়ি প্রেসিডেন্ট পার্কে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ২৫ পাউন্ড ওজনের কেক কাটেন এরশাদ। এসময় তার পরনে ছিল গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি ও কালো পাজামা। এরপর বেলা ১২টার দিকে দলের বনানী কার্যালয়ে আরেকটি কেক কাটা হয়। ওই সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। জাতীয় পার্টির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসঙ্গে ১০টি কেক কাটার সময় এরশাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়। রংপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক ডিগ্রি নেন এরশাদ। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার হিসাবে যোগ দিয়ে ১৯৮২ সালে চিফ অফ আর্মি স্টাফ হন। ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করে ১৯৮৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দেশ শাসন করেন এরশাদ। পরে বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন এরশাদ। ক্ষমতায় থাকাকালে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন এরশাদ। শুরু থেকেই দলের চেয়ারম্যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯১৪ ঘ.