ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে পরনির্ভরশীল করতে বর্তমান সরকারকে ‘অ্যাসাইনমেন্ট’ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “সেজন্য তারা [সরকার] আজ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
“আমাদের বিরাট বাজার নিয়ন্ত্রণে অন্যদেশের এজেন্ডা বাস্তবায়নে সুপরিকল্পিতভাবে কাজ করছে তারা।”
এর বিরুদ্ধে দেশবাসীকে বিএনপিপ্রধান খালেদা জিয়ার নেতৃত্বে সোচ্চার হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। বুধবার ১৪ দলের জনসভায় প্রধানমন্ত্রী যে ভাষায় বক্তব্য রেখেছেন, তাতে আমরা উৎকন্ঠিত।”
“একজন প্রধানমন্ত্রী রাজনৈতিক সব শিষ্টাচার ও ভদ্রতার বাইরে বক্তব্য রেখেছেন।”
সরকার ‘দুর্নীতিতে ডুবে গেছে’ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
প্যাট্রিয়টস অব বাংলাদেশ নামে এক সংগঠন ‘সীমান্ত হত্যা ও রাষ্ট্রীয় নিরাপত্তা : প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামের এ আলোচনা সভা আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24