ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক দিনের ‘বাধার’ পরও নয়া পল্টনে জনসমাগম নিয়ে সন্তষ্ট বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
গ্রেপ্তার, বাধা, বাস, লঞ্চ বন্ধ- সবমিলিয়ে এই সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নিয়েছিল সোমবারের এই মহাসমাবেশ।
পুলিশ ফকিরাপুল মোড় থেকে থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এলাকায় সমাবেশের অনুমতি দিলেও দুপুরে সমাবেশ শুরুর ঘণ্টা খানেক আগেই বেঁধে দেওয়া এই সীমানা ছাড়িয়ে যায় জনসমাগম।
বিকালে খালেদা জিয়া যখন দলীয় কার্যালয়ের সামনের সড়কে স্থাপিত মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, তখন জনসমাগম পূর্বে ছিল নটরডেম কলেজ এবং পশ্চিমে কাকরাইল মোড় পর্যন্ত।
এছাড়া উত্তরে শান্তিনগর পর্যন্ত জনসমাগম ছিল, দক্ষিণে পল্টন মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে ছিল বিএনপির কর্মী-সমর্থকরা। নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্তও ছিল জনসমাগম। ফকিরাপুলের বিভিন্ন গলিতেও অবস্থান ছিল কর্মী-সমর্থকদের।
সমাবেশ শেষে জনসমাগমের মূল দায়িত্বপালনকারী সাদেক হোসেন খোকার চোখে-মুখে ছিল সন্তুষ্টির ভাব। খালেদা জিয়া সমাবেশ শেষে যাওয়ার সময়ও তার সঙ্গে কথা বলেন। তখন বিএনপি চেয়ারপারসনকেও বেশ প্রফুল্ল দেখাচ্ছিল।
এই জনসভায় লোকসমাগম কত বলে মনে করছেন- জানতে চাইলে সেখানে দায়িত্ব পালনকারী কয়েকজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর অপরাধ বিষয়ক মুখ্য প্রতিবেদক লিটন হায়দারকে বলেন, তাদের ধারণা ২ লাখ মানুষের সমাবেশ হয়েছে।
নিজেদের ধারণার একটি ব্যাখ্যাও দেখান ওই পুলিশ কর্মকর্তারা, যারা আগেও বিভিন্ন জনসভায় দায়িত্ব পালন করেছেন।
নয়া পল্টনের আশপাশে যে স্থানজুড়ে জনসমাগম ছিল, তার আয়তন সাড়ে ৬ লাখ বর্গফুটের মতো। প্রতিজন মানুষ যদি আড়াই বর্গফুট এলাকা দখল করে, সেক্ষেত্রে ওই এলাকায় জনসমাগম দাঁড়ায় আড়াই লাখের বেশি। কিন্তু যতটুকু স্থানজুড়ে সমাবেশ ছড়িয়েছিল, তার মধ্যকার ২৫ শতাংশ স্থান ফাঁকা ধরলে জনসমাগম দাঁড়ায় প্রায় দুই লাখ।
জনসমাগম কত হয়েছে- জানতে চাওয়া হলে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খানিকটা হেসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তা তো আপনারা বলবেন, আমরা বললে তো বলবেন, ‘বাড়িয়ে বলছি’।”
তবে শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে সমাবেশের মূল দায়িত্বে থাকা এই নেতা বলেন, “ব্যাপক বাধা-প্রতিবন্ধকতা পেরিয়ে কর্মীরা যে জনসভায় উপস্থিত হয়েছে, এই কৃতিত্ব তাদের।”
সমাবেশে বক্তব্যের শুরুতে খালেদা জিয়াও বলেন, “এই মহাসমাবেশে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। তিন দিন ধরে ঢাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে। ব্যাপক বাধা উপেক্ষা করে তারপরও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ। বাধা দিয়েও জনস্রোত ঠেকানো যায়নি।”
জনসমাগম দুই লাখ কি না- জানতে চাওয়া হলে বিএনপির কয়েকজন নেতা বলেন, এই সংখ্যা আরো বেশি।
জনসভায় আসতে সব স্থানেই বাধা পাওয়ার অভিযোগ জানিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের দাবি, পুলিশের পাশাপাশি সরকারি দলের নেতা-কর্মীরাও সক্রিয় ছিলেন বাধা দেওয়ায়।
মিরপুরের বিএনপিকর্মী নাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের কর্মীদের বাধা এড়াতে ছোট ছোট দলে ভাগ হয়ে সমাবেশস্থলে এসেছেন তারা।
“আমরা তিন বা চার জনের দলে ভাগ হয়ে অটোরিকশা নিয়ে এসেছি,” বলেন নাহিদ।
রোববার দুপুর থেকে ঢাকায় কোনো ধরনের বাসই চলছিল না। সোমবার ঢাকাজুড়ে ছিল হরতালের আবহ। হরতালে বিআরটিসির বাস চললেও এদিন তা-ও দেখা যায়নি।
অভ্যন্তরের পাশাপাশি ঢাকার প্রবেশপথগুলোতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদেরও বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাতে দেখা যায়।
নওগাঁ থেকে আসা শবনাম মুস্তারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ মার্চ ঢাকা চলে আসেন তিনিসহ ৩৫/৩৬ জন নারী। হোটেলে জায়গা না পাওয়ায় সবাই ঢাকার আত্মীয়ের বাড়িতে ছিলেন।
মহাসমাবেশের প্রসঙ্গ তুলে নিজের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “আমরা সাকসেস, বিএনপি সাকসেস।”
বগুড়া থেকে আসা শফিউর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, “রাস্তায় আমাদের চার্চ করিচে পুলিশ। বলিচে কুনে যাচ্ছ। অন্য কথা বলে চলে এসেছু।”
বেলা ১২টার দিকে রাজমনি ঈশাখাঁ হোটেলের সামনে বসে শুকনা চিড়া আর গুড় খাচ্ছিলেন কয়েক জন যুবক।
তাদেরই একজন শরিফুল ইসলাম নিজেকে দিনাজপুর জেলা ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে বলেন, “অনেক কষ্ট হলেও এত লোক সমাগম দেখে ভালো লাগছে।”
“বাধা পেরিয়ে সমাবেশে এসে ধন্য মনে করছি,” বলেন বরিশালের বিএনপি সমর্থক হুমায়ুন কবীর।
এই মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার রাত থেকে ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস মালিকরা বলছেন, প্রশাসনের চাপ এবং ভাংচুরের আশঙ্কায় তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধ ছিল লঞ্চ চলাচলও।
বিএনপির অভিযোগ, সমাবেশে জনসমাগম ঠেকাতেই সরকার বাস ও লঞ্চ বন্ধ করে দিয়েছে, যাতে জনগণকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বাস না চালাতে চাপ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
এছাড়া সমাবেশের আগে ঢাকার হোটেলগুলোতে কাউকে না রাখতে পুলিশ চাপ দেয়। এটাও জনসমাগম ঠেকানোর জন্য বলে বিএনপির অভিযোগ ছিল।
এই মহাসমাবেশের আগে গত চার দিনে সারাদেশে কয়েক হাজার বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়, যা অন্যদের মহাসমাবেশে যোগদানে নিরুৎসাহিত করতে বলে বিএনপির দাবি।
জনসভায় খালেদা গ্রেপ্তার ও বাধার প্রতিবাদে আগামী ২৯ মার্চ সারাদেশে হরতাল ডেকেছেন। গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তিও দাবি করেছেন তিনি।
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে শুরু করে। কারওয়ান বাজার, মগবাজার, এলিফ্যান্ট রোড, বাবুবাজার ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলকারীদের বাধা দেয়।
কড়া পুলিশ পাহারার মধ্যে অনুষ্ঠিত এই সমাবেশ মঞ্চে দলীয়ভাবে নিরাপত্তার ব্যবস্থা করে বিএনপি। সমাবেশের শান্তি রক্ষার জন্য ১০ হাজার জনের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। দলের সদস্যরা হলুদ ও সবুজ গেঞ্জী ও লাল টুপি মাথায় দিয়ে দায়িত্ব পালন করেন।
বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব চিকিৎসা শিবির স্থাপন করে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে, এতে ১ হাজারের বেশি জন চিকিৎসা সেবা নেন।
নয়া পল্টন, ফকিরেরপুল, বিজয়নগরসহ সবগুলো অলি-গলিতে পুলিশের নিরাপত্তা চৌকি ছিল। উঁচু দালানগুলোতেও ছিল পুলিশি পাহারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসআই/এমআই/২৩২৮ ঘ.
bdnews24