২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তালি মেরে শয়তান তাড়াও’

দেশের বেশিরভাগ মানুষ পেট ভরে খেতে পারছে না দাবি করে অলি আহমেদ বলেছেন, নব্বই শতাংশ লোক দুই বেলা খেতে পায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বেশিরভাগ মানুষ পেট ভরে খেতে পারছে না দাবি করে অলি আহমেদ বলেছেন, নব্বই শতাংশ লোক দুই বেলা খেতে পায় না। সোমবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে বলছিলেন ডেমেক্রেটিক পার্টির সভাপতি অলি। তিনি বলেন, “৯০ শতাংশ লোক দুই বেলা খেতে পারে না। যারা দুই থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করেন তারা জীবন-যাপন করতে পারছেন না।” দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘নাজুক’ দাবি করে অলি বলেন, “স্বাধীনতা নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই।” দেশ রক্ষায় সরকারের দ্রুত বিদায় জরুরি- উল্লেখ করে অলি বলেন, “সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করা যাবে, ভারতের হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে। মানুষ আর আওয়ামী লীগের শাসন চায় না।” এ সময় বক্তব্যের পক্ষে সমর্থন চেয়ে উপস্থিত লোকজনকে হাত তুলে দেখাতে বলেন তিনি। উপস্থিত লোকজন হাত তুলে অলির দাবির পক্ষে পক্ষে সমর্থন জানালে তিনি বলেন, “জোরে জোরে তালি মেরে দেশ থেকে শয়তান তাড়াও।” মহাসমাবেশকে বানচাল করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ করেন তিনি। এলডিপি প্রধান বলেন, “সমাবেশের দিন আওয়ামী লীগের গুণ্ডারা গোলাগুলি েেকরছ। কিন্তু জনগণ এসবকে উপেক্ষা করে সমাবেশে এসেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৪৫ ঘ.