২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় ও সীমানা বেঁধে বিএনপিকে অনুমতি

বিএনপির বহুল আলোচিত সোমবারের সমাবেশের সময় ও সীমানা বেঁধে এবং বক্তব্যের রূপরেখা ঠিক করে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির বহুল আলোচিত সোমবারের সমাবেশের সময় ও সীমানা বেঁধে এবং বক্তব্যের রূপরেখা ঠিক করে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে পুলিশ। সমাবেশের আগের দিন (রোববার) বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক চিঠিতে বিএনপিকে অনুমতির বিষয়টি জানায়, যাতে ১১টি শর্ত দেওয়া হয়। দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমতি পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান। অনুমতিপত্রে সমাবেশের সীমানা নির্ধারণসহ সমাবেশ শুরুর আগে বিএনপি নেতা-কর্মীদের সমবেত হওয়ার এবং সমাবেশ শেষ করার সময় বেঁধে দেয় পুলিশ। অনুমতি অনুযায়ী, নয়া পল্টন কার্যালয়ের পূর্ব ও পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার জুড়ে সাড়ে তিন ঘণ্টা সমাবেশ করতে পারবে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবারের এ সমাবেশে পূর্ব দিকে ফকিরাপুল ও পশ্চিম দিকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মাইক ব্যবহার করতে পারবে বিএনপি- দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সম্বোধন করে দেওয়া অনুমতিপত্রে বলে ডিএমপি। সভার জন্যে নির্ধারিত এলাকার বাইরে মাইক ব্যবহার না করার পাশাপাশি ওই এলাকার বাইরে কোনো রকম বড় পর্দা ব্যবহার না করার নির্দেশও দেয় পুলিশ। ডিএমপি উপ-কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অনুমতিপত্রে নেতা-কর্মীদের সমবেত হওয়া এবং সমাবেশ শেষ করার সময়ও বেঁধে দেওয়া হয়। এতে বলা হয়, সভা শুরুর দুই ঘণ্টা আগে থেকে লোকজন সমাবেশে আসতে পারবে। সভা শেষ করতে হবে বিকাল সাড়ে ৫টার মধ্যে। ওই সময়ের সময়ের আগে বা পরে কোথাও প্রকাশ্যে সমবেত হওয়া যাবে না। বিএনপির এ সমাবেশ শুরু হওয়ার কথা সোমবার ২টায়। সভার স্থান ব্যবহারের জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়ার নির্দেশনাও দেয় পুলিশ। এছাড়া মূল সড়কে মঞ্চ নির্মাণ না করার পাশাপাশি রাজনৈতিক বক্তব্য ছাড়া মঞ্চকে অন্য কোনো কাজে ব্যবহার না করার নির্দেশনা রয়েছে অনুমতিপত্রে। এতে বলা হয়, সভার নির্ধারিত এলাকার বাইরে যান ও জন চলাচলে বিঘœ সৃষ্টি করা যাবে না। সভা চলাকালে আইন-শৃঙ্খলা পরিপন্থি ও জনস্বার্থবিরোধী কার্যকলাপ করা যাবে না। জনস্বার্থে কোনো কারণ ছাড়াই এ অনুমতি পুলিশ বাতিল করতে পারে বলেও চিঠিতে উল্লেখ করে ডিএমপি। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে ডিএমপি বলে, ১২ মার্চ সকাল ৬টা থেকে ১৪ মার্চ রাত ১২টা পর্যন্ত মহানগরীতে অস্ত্র, লাঠিসোঠা, বিস্ফোরক দ্রব্য, পাথর বা নিক্ষেপযোগ্য কোনো অস্ত্র বহন করা যাবে না। মহাসমাবেশের অনুমতি চেয়ে গত ৬ ফেব্রুয়ারি আবেদন করলেও বিএনপি আনুষ্ঠানিক অনুমতি পায় সমাবেশের আগের দিন। যদিও গত ১ মার্চ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার পর বিএনপি নেতারা বলেছিলেন, তারা সমাবেশের অনুমতি পেয়েছেন। তবে এর এক সপ্তাহের মাথায় ডিএমপি শনিবার বলে, বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। পরে রোববার বিকালে বিএনপিকে ডিএমপি শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিলে সন্ধ্যায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়। অনুমতি জটিলতার ফলে পুলিশের বাধায় সোমবার দুপুর পর্যন্ত মঞ্চ নির্মাণের কাজ শুরু করতে পারেনি বিএনপি; যদিও মঞ্চ নির্মাণের কারিগররা বাঁশ, কাঠ ইত্যাদি নিয়ে শনিবার রাত থেকেই প্রস্তুত ছিলেন। বিএনপির এই সমাবেশ থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছেন সরকারি দলের নেতারা। বিএনপি বলছে, সমাবেশের অনুমতি দেওয়াসহ জনসমাগমে বাধা দিচ্ছে সরকার। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীতে সোমবার মহাসমাবেশ করছে বিএনপি; যাতে সারা দেশ থেকে দলটির নেতা-কর্মীদের যোগ দেওয়া কথা। এ কর্মসূচির দিন এবং আগের দিন ঢাকার সঙ্গে দেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা এ জন্য সরকার ও সরকারি দল সংশ্লিষ্টদের ‘নির্দেশ’ থাকার কথা বললেও সরকার তা অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০০ ঘ.