ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগ কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ‘সহায়তাকারী’ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা।
সোমবার ঢাকার সমাবেশে কর্মীদের আসতে পুলিশের পাশাপাশি সরকারদলীয় নেতা-কর্মীরাও যুক্ত হয়েছে বলে বিএনপির অভিযোগের মধ্যেই আওয়ামী লীগ নেতারা এই কথা জানালেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দলের ঢাকার নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “তারা (বিরোধী দল) পল্টনে সমাবেশ করবে। অন্য জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন।”
যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকায় ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে এই কথা বলেন তিনি।
সোমবার বিরোধী দলের মহাসমাবেশের আগের দিনের এই কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচোতে দেশে অস্থিতিশীলতা তৈরিই বিএনপির কর্মসূচির উদ্দেশ্য।
অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে ডাকা ওই সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে বিএনপির ইচ্ছার কথা জানিয়ে রোববার সকালেই দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ক্যাডাররা পুলিশের সহযোগিতায় আমাদের নেতা-কর্মীদের ঢাকা আসার পথে বেদম প্রহার করেছে।”
নয়া পল্টনের সমাবেশকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য চলে আসছে। এর মধ্যে বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে সারাদেশের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকায় জনসমাগম ঠেকাতেই সরকারের মদদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে; যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
সরকারি দল ও সহযোগী সংগঠনের নেতারা কয়েকদিন ধরে ১২ মার্চ রাজপথে থাকার ঘোষণা দিয়ে এলেও এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (সোমবার) আওয়ামী লীগ রাজপথে থাকবে না। তবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণ করবে।”
আওয়ামী লীগ নেতারা জানান, সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতারা থাকবেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের স্থানীয় কার্যালয়ে অবস্থান নিতে বলা হয়েছে।
গত কয়েকদিন ধরে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ মিছিল-সমাবেশ করছে। ওই সমাবেশেও স্থানীয় নেতারা হুমকি দিয়ে আসছেন, নয়া পল্টন ছাড়া অন্য যে কোনো স্থানে বিএনপিকর্মীরা জড়ো হলে তারা প্রতিরোধ করবেন।
বিএনপির মহাসমাবেশের আগে গত শুক্রবার গণভবনে এক বৈঠকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঢাকা এবং আশপাশের জেলাগুলোর দলীয় নেতা-কর্মী সোমবার সতর্ক থাকার পরামর্শ দেন।
আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি-জামায়াত সারাদেশ থেকে নেতা-কর্মী এনে ঢাকায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী আশরাফও রোববারের মানববন্ধন কর্মসূচিতে বলেন, “আমরা গোয়েন্দাদের কাছ থেকে জানতে পেরেছি। আগামীকাল (সোমবার) অস্ত্র নিয়ে হামলার সম্ভাবনা রয়েছে। দেশের সব জায়গা থেকে অস্ত্রধারীদের জমায়েত করা হচ্ছে। জামাতের ক্যাডারাও জড়ো হচ্ছে।”
তবে বিএনপি নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চাইছেন। সরকার তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24