ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘন করে কক্সবাজার সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান অলি আহমেদকে বৃহস্পতিবার ফের আদালতে হাজির হতে হবে।
বুধবার হাজিরার নির্ধারিত দিনে অলি হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হলেও একজন বিচারক অনুপস্থিত থাকায় তাকে বৃহস্পতিবার আসতে বলা হয়।
গত ২২ ফেব্র“য়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত ‘অলিস ক্যাসল অন বিচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সংসদ সদস্য অলিকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে।
সে অনুযায়ী তিনি বুধবার সকালে আদালতে উপস্থিত হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন জানান, অসুস্থতার কারণে অপর বিচারপতি আদালতে আসেননি। অলির বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন রাখেন তিনি।
অলির আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন জানান, বৃহস্পতিবার আবারো আদালতে যাবেন এলডিপি প্রধান।
ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “এলডিপি সভাপতি ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পরিবেশ আইন লংঘন করে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি স্থাপনা নির্মাণ করছেন। স্থানটি পরিবেশগত বিপন্ন এলাকার (ইসিএ) মধ্যে পড়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ওই এলাকায় সকল ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। ‘আইপিএল স্যান্ডক্যাসল’ নামে ওই স্থাপনা নির্মাণে অলি আহমেদ ইমপালস প্রোপার্টিজ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন।”
এই পরিপ্রেক্ষিতে অলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং নির্মিত স্থাপনা ভেঙে ফেলতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ জানতে চায় আদালত।
পাশাপাশি ওই স্থানে আর কোনো নির্মাণ কাজ যাতে না চলতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসক ও সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এনএ/জেকে/১৫৫০ ঘ.
bdnews24