২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই এর প্রতিবাদ করুন: এরশাদ

ফেনী নদীর পানিতে ভারত অন্যায়ভাবে ভাগ বসাচ্ছে- এমন অভিযোগ করে ফেনী অভিমুখে লংমার্চে এ আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নারায়ণগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী নদীর পানিতে ভারত অন্যায়ভাবে ভাগ বসাচ্ছে- এমন অভিযোগ করে দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ফেনী নদী রক্ষার দাবিতে সোমবার সকালে রাজধানীর বনানী থেকে ফেনী অভিমুখে লংমার্চ শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৯টার দিকে এরশাদের নেতৃত্বে প্রায় আড়াইশ গাড়ির এ লংমার্চ ফেনীর উদ্দেশে রওনা হয়। পথে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এবং সোনারগঁওয়ে দুটি পথসভায় বক্তৃতা করেন তিনি। এর আগে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে গত বছরের ১০ ও ১১ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জে ‘টিপাইমুখ লংমার্চ’ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ১৭ ও ১৮ জানুয়ারি নীলফামীর তিস্তা অভিমুখে ‘তিস্তা লংমার্চ’ করে জাতীয় পার্টি। সোমবার লংমার্চ শুরুর আগে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে এরশাদ বলেন, “ফেনী নদীর পানিতে অন্যায়ভাবে ভাগ বসিয়ে ফেনী, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রামগড়, নোয়াখালী ও কুমিল্লাকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে। ফেনী নদী আমাদের। এ নদীর ওপর আর কারো কোনো অধিকার নেই।” “দলমত নির্বিশেষে সবার কাছে আবেদন, আপনারা এর প্রতিবাদ করুন”, যোগ করেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম এই শরিক নেতা। গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি।” ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করলেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি। এরশাদের গাড়িবহর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে পৌঁছায় পৌনে ১১টার দিকে। সেখানে প্রথম পথসভায় ৩ মিনিটের মতো বক্তব্য দেন তিনি। জাতীয় পার্টি প্রধান অভিযোগ করেন, ফেনী নদীর উৎপত্তি ও প্রবাহ বাংলাদেশে হলেও ভারত পাম্প লাগিয়ে এ নদীর পানি নিয়ে যাচ্ছে। “ওই এলাকা মরুতে পরিণত হবে, কৃষক মারা যাবে। এর প্রতিবাদেই আমরা লংমার্চ করছি”, বলেন তিনি। টিপাইমুখে বাঁধ ও তিস্তাসহ অন্য সমস্যাগুলো নিয়ে সরকার বা বিরোধী দল কোনো প্রতিবাদ করছে না উল্লেখ করে সরকারের এই শরিক নেতা বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ সমীক্ষার দাবি জানালেও সরকার তা করেনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আপনারা শক্তিশালী হোন। আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব সমস্যার সমাধান করব।” বক্তব্য শেষে এরশাদ পথসভার মঞ্চ থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন নেতাকর্মী একসঙ্গে মঞ্চে ওঠার চেষ্টা করেন। এতে মঞ্চ ভেঙে অন্তত ৫ জন আহত হন। জাতীয় পার্টি প্রোসিডিয়াম সদস্য নাসিম ওসমানও এ পথসভায় উপস্থিত ছিলেন। মদনপুর থেকে লংমার্চ সোনারগাঁওয়ে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় পথসভায় বক্তব্য দেন এরশাদ। তিনি বলেন, “জনগণ মনে করে, জাতীয় পার্টি ক্ষমতায় এলে চাঁদাবাজী বন্ধ হবে, জিনিসপত্রের দাম কমবে, মানুষ সুখে থাকতে পারবে।” ফেনী নদী রক্ষায় সারা দেশে প্রতিবাদের ঝড় তোলার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টি চেয়াম্যানের তথ্য ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ফেনী পৌঁছে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জনসভায় বক্তব্য দেবেন এইচ এম এরশাদ। এর আগে সাতটি পথসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/জেকে/১১৪০ ঘ.