ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলন যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বলে সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ নেতারা এই কথা বলছেন।
বিএনপির আগামী ১২ মার্চের সমাবেশে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ফখরুল শুক্রবার বিকালে এক আলোচনা সভায় বলেন, “যখন সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ দিশেহারা হয়ে যুদ্ধাপরাধের ভাঙা ক্যাসেট বাজিয়ে আন্দোলনকে রোখার অপচেষ্টা চালায়।
“পাকিস্তান আমলে আমরা যখন জনগণের পক্ষে আন্দোলন করতাম, তখন পাকিস্তানিরা আমাদের ভারতীয় দালাল বলত। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই ‘যুদ্ধাপরাধ-যুদ্ধাপরাধ’ বলে বিভ্রান্তি সৃষ্টি করে।”
এদিন সকালেই আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ এক আলোচনা সভায় বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি আন্দোলন করছে।
স্বাধীনতার মাস মার্চে ১২ মার্চের কর্মসূচি স্থগিত রাখতেও বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতেই তাদের এই মহাসমাবেশ। বিএনপির ওই সভায় জামায়াতে ইসলামীসহ তাদের জোটসঙ্গীরা অংশ নেবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা যতই অপপ্রচার চালান না কেন, বিএনপি যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত নয়। বরং আপনারাই যুদ্ধাপরাধীদের সেই সময়ে ক্ষমা করে দিয়েছেন। তাদের সঙ্গে সম্পর্ক আপনাদেরই আছে, আমাদের নয়।”
যুদ্ধাপরাধীদের রক্ষায় বিদেশ থেকে অর্থ আসছে বলে আওয়ামী লীগ নেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, “হানিফ সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই। লন্ডনের ইকনোমিস্ট পত্রিকায় প্রকাশ হয়েছিল, ২০০৮ সালের নির্বাচনে ভারত থেকে বস্তাভর্তি টাকা এনে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছে। তাই হানিফ সাহেবকে বলব- বিরোধী দল বিদেশ থেকে আন্দোলনে অর্থ আনছে, এরকম মিথ্যাচারের আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখুন।”
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ও গণতান্ত্রিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।
তিনি বলেন, সরকার বস্ত্রখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। ইতোমধ্যে ২০০ গার্মেন্টস ভারতীয়দের কাছে বিক্রি হয়ে গেছে। অনেক বন্ধ হওয়া বস্ত্র শিল্প তারা কিনে নিচ্ছে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, প্রকৌশলী ইকবাল হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯২৬ ঘ.
bdnews24