নরসিংদী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকমান হত্যা মামলার প্রধান আসামি মন্ত্রীর ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু জামিন পেয়েছেন।
মঙ্গলবার বিকালে সালাহ উদ্দিনের সঙ্গে নরসিংদীর জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহান অন্য তিন আসামি আমির হোসেন আমু, মামুন ও হিরণকেও জামিন দেন।
এর আগে সকালে নরসিংদী মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা আসামি সালাহ উদ্দিন, আমু ও মামুনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
এই তিন জনই গত রোববার আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এই জামিনে ক্ষোভ প্রকাশ করে লোকমানের স্ত্রী তামান্না নূসরাত বুবলী বলেছেন, এর ফলে ন্যায়বিচারের পথ রুদ্ধ হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল সাংবাদিকদের জানান, সকালে সালাহ উদ্দিন, আমু ও মামুনকে মুখ্য হাকিম আদালতে হাজির করে তাদের আরো তিন দিন রিমান্ডের আবেদন জানানো হয়।
তবে নতুন করে জিজ্ঞাসাবাদের আবেদনের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
শুনানি শেষে মুখ্য হাকিমের আদালত জামিন ও রিমান্ডের আবেদন খারিজ করে আসামিদের কারাগারে পাঠান। সেই সঙ্গে বলেন, প্রয়োজনে তিন জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে।
বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি এস এ হাদীসহ ১৪/১৫ আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে সালাহ উদ্দিন, আমু, মামুনের পাশাপাশি কারাগারে আটক হিরণের জামিনের আবেদন জানান।
বিচারক মো. শাহজাহান চার জনেরই জামিন মঞ্জুর করেন।
নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন।
এরপর তার ভাই কামরুজ্জামান কামরুল যে মামলাটি করেন, তার আসামিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ১ নম্বর আসামি টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাহ উদ্দিন বাচ্চু।
লোকমানের পরিবারের প্রতিক্রিয়া
নরসিংদীতে মেয়র পদে উপনির্বাচনের আগে আসামিদের জামিনের সমালোচনা করেছে লোকমানের পরিবার।
মেয়র লোকমান নিহত হওয়ায় ১৯ জানুয়ারি সেখানে উপনির্বাচন হচ্ছে। এতে মেয়র পদে লোকমানের ভাই কামরুজ্জামান প্রার্থী হয়েছেন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকমান হত্যার আসামি আওয়ামী লীগ নেতা মোন্তাজউদ্দিনও। তিনি জামিনে রয়েছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও লোকমানের ভাই শামীম নেওয়াজ সাংবাদিকদের বলেন, “একটি প্রভাবশালী মহলের ইশারায় হত্যামামলার এজাহারনামীয় আসামিদের জামিন দিয়ে পৌর নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে।”
সব আসামিরা এক মঞ্চ থেকে লোকমানের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বলেন তিনি।
এদিকে তদন্ত সংস্থা ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার মতো ‘জজ মিয়া’ নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেন লোকমানের স্ত্রী তামান্না নূসরাত বুবলী।
তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের জামিন দিয়ে লোকমান হত্যার বিচারের পথ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
এই মামলার এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে এই পর্যন্ত ১২ জন গ্রেপ্তার কিংবা আদালতে আত্মসমর্পণ করেছেন। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ আরো ১২ জনকে গ্রেপ্তার করেছে।
সালাহ উদ্দিনের বক্তব্য
লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে সালাহ উদ্দিন বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি চান তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “লোকমানের মৃত্যু অবশ্যই এই অঞ্চলের জন্য এক বিরাট ক্ষতি। আমি চাই, লোকমান হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী ও রাজনৈতিক হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের খুঁজে বের করা হোক।”
সালাহ উদ্দিন বলেন, লোকমান হত্যাকাণ্ডের পর স্থানীয় রাজনৈতিক মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই বিভ্রান্তি থেকেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে।
“এই হত্যাকাণ্ড যেমন এই অঞ্চলের মানুষকে শঙ্কিত এবং ক্ষুব্ধ করেছে, ঠিক তেমনি এখানকার রাজনৈতিক মহলও বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে পড়েছে। জানি না লোকমান হোসেনের মতো একজন জনপ্রিয় ব্যক্তির হত্যাকাণ্ডের সঙ্গে কোন কারণে আমাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে,” বলেন তিনি।
বিবৃতিতে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরে সালাহ উদ্দিন বলেন, “আমার অর্ধশতাব্দীর রাজনৈতিক জীবনে কোনোদিন হিংসা কিংবা হানাহানির রাজনীতি করিনি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, হত্যার রাজনীতি রাজনীতিকেই হত্যা করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/সিএস/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24