২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদা পানি ঘোলা করে মাছ ধরতে চান'

তিস্তার পানি ঘোলা করে খালেদা জিয়া 'মাছ ধরা'র চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি ঘোলা করে খালেদা জিয়া 'মাছ ধরা'র চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত 'সরকারের সফল কর্মসূচি ও বিএনপি-জামায়াতের অপপ্রচার' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিরোধীদলীয় নেতা খালেদাকে উদ্দেশ্য করে মহীউদ্দিন বলেন, "প্রধানমন্ত্রী থাকাকালে আপনি যখন ভারতে গিয়েছিলেন, তখন তো পানি নিয়ে কোনো কথা বলেননি। তখন আপনি পানি নিয়ে কথা বলতেই ভুলে গিয়েছিলেন। এখন তিস্তার পানি ঘোলা করে টাকি মাছ ধরার চেষ্টা করছেন কেন?" ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকালে তার সঙ্গে দেখা করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পানি বণ্টনের বিষয়টি দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় বিরোধীদলীয় নেতা হতাশা প্রকাশ করেছেন। আলোচনার ভিত্তিতে অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি। সাবেক প্রতিমন্ত্রী আলমগীর বলেন, "ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি না হলেও সব পানি ভারত নিয়ে যেতে পারেনি। চুক্তির ব্যাপারে আমরা যে অবস্থানে ছিলাম এখন সেখানেই আছি। সামনে আরো এগিয়ে যাওয়ার সুযোগ আছে।" অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রধান বিচারপতি সম্পর্কে খালেদা জিয়া দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সম্পর্কে খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন তা দুর্ভাগ্যজনক। ৩১ অগাস্ট খালেদা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক 'টাকার বিনিময়ে' দিয়েছেন। খালেদা জিয়া তার দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের বিচার বিঘিœত করতে বিচার বিভাগকে বিতর্কিত করতে চাচ্ছেন বলে অভিযোগ করেন কামরুল। সাবেক প্রধান বিচারপতি সম্পর্কে খালেদার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করার আহ্বানও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএ/এমআই/১৬২৫ ঘ.