২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোমানকে দেখতে হাসপাতালে খালেদা

গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানকে দেখতে গেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানকে দেখতে গেছেন খালেদা জিয়া। বুধবার রাতে তিনি হাসপাতালে তাকে দেখতে যান। এদিনই তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত নোমানের সর্বশেষ অবস্থা বিরোধীদলীয় নেতাকে জানান। খালেদা জিয়া আবদুল্লাহ আল নোমানের স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গেও কথা বলেন। এ সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বুধবার বিকাল ৫টায় তারেক রহমান টেলিফোনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী নোমানের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান টেলিফোনে স্যারের (নোমানের) স্বাস্থ্যের বিষয়ে খবর নেন এবং কয়েক মিনিট আলাপ করেন।" তবে তারেক কোথা থেকে ফোন করেছেন সে বিষয়ে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। সোমবার চট্টগ্রামে আবদুল্লাহ নোমান হৃদরোগে আক্রান্ত হন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক ও জামিন পাওয়া তারেক রহমানের বিরুদ্ধে ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০০৭-এ গ্রেপ্তার হয়ে পরের বছর চিকিৎসার জন্য জামিনে লন্ডন যান তারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/পিডি/২১০৮ ঘ.