২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই আন্দোলনের কর্মসূচি: খালেদা

বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকারের পতন ঘটাতে শিগগিরই আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকারের পতন ঘটাতে শিগগিরই আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ কারামুক্ত নেতারা সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দেখা করতে গেলে খালেদা জিয়া নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন। তিনি বলেন, "আজ আমাদের স্বাধীনতা হুমকির মুখে। দেশের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। তাই আন্দোলনে কোনো বিকল্প নেই। আমরা শিগগিরই আন্দোলনের কর্মসূচি দেব।" টুকু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক রুয়েলসহ নেতারা এই অনুষ্ঠানে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঈদের আগে কারাগার থেকে মুক্তি পান তারা। বিএনপি চেয়ারপার্সন বলেন, "ছাত্রদলকে আন্দোলনের সামনের সারিতে থাকতে হবে। ছাত্রদলই হচ্ছে আন্দোলনের শক্তি। তাই গ্রেপ্তার ও হুলিয়ায় ভয় পেলে চলবে না; আন্দোলনে রাজপথে থাকতে হবে।" এ জন্য সংগঠনকে শক্তিশালী করারও আহবান জানান খালেদা। তিনি বলেন, "সব পর্যায়ে ছাত্রদের নিয়ে কমিটি করতে হবে। যারা ত্যাগী ও পরীক্ষিত- তাদের মূল্যায়ন করতে হবে।" সরকার আবার ক্ষমতায় আসা নিশ্চিত করতে 'নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা' বাতিল করে দিয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, "তারা ক্ষমতায় থেকে নির্বাচন করবে, এমন নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।" গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুমোদনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০০৩৯ ঘ.