২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে চুক্তি দেশের স্বার্থ অক্ষুন্ন রেখেই: কাদের

বিএনপির হুঁশিয়ারির জবাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে যে কোনো চুক্তি হবে দেশের স্বার্থ অক্ষুন্ন রেখেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হুঁশিয়ারির জবাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে যে কোনো চুক্তি হবে দেশের স্বার্থ অক্ষুন্ন রেখেই। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, "দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি করবো না। কোনো চুক্তিই গোপন থাকবে না।" দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সফরে তিস্তার পানি বণ্টনসহ কয়েকটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি হুঁশিয়ারি দিয়েছে, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে তারা তা প্রতিরোধ করবে। ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "বিরোধী দল অবিশ্বাস আর সন্দেহের যে দেয়াল তৈরি করছেন, আমি আহ্বান জানাবো- সে দেয়াল ভেঙে দিন। চুক্তি হবার আগেই গোপন চুক্তি এটা অপপ্রচার। বিরোধী দলের এ কথা বলা সমীচীন নয়।" কোম্পাীনগঞ্জ পৌর মিলনায়তনে দলের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সভাপতি মণ্ডলীর এ সদস্য। বিরোধী দলের বক্তব্যের পাল্টা জবাব দিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, "এমন আচরণ করবেন না, যার সুযোগ বিরোধী দল নিতে পারে। কারো বিশোধগার করে কাজ নেই, জনগণের পাশে দাঁড়াতে হবে। বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জবাব দিতে হবে উন্নয়নের মাধ্যমে।" কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন সাহাব উদ্দিন, বসুর হাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা। ওবায়দুল কাদের এরপর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে সুন্দলপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শনে যান। ওই সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যন খায়রুল আনাম সেলিম, সুবর্ণ চর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এটিএম মহিব উল্যাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৩ ঘ.