ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন সরকারকে 'স্বৈরাচারী' অভিহিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এর হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করাকে প্রধান চ্যালেঞ্জ মনে করছে বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণতন্ত্র আজ বিপন্ন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মানুষের মৌলিক অধিকারগুলোকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। সরকারের চরম ব্যর্থতায় জনসাধারণ সঙ্কটের মধ্যে আছেন।"
সংবিধান সংশোধন করে মানুষের মৌলিক অধিকার খর্ব ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
এ থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
১৯৭৮ সালে দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে ফখরুল বলেন, "বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে ওই সময়ে দেশে এক রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিলো। তখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে মানুষের আকাক্সক্ষার অংশ হিসেবে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। চড়াই-উৎরাই পেরিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমরা।"
১৯৭৫ সালের ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। এর আগে ওই বছরের ফেব্র"য়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৪৪৬ ঘ.
bdnews24