চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনায় পুলিশি নির্যাতনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
শনিবার দুপুরে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এম ইউ আহম্মেদকে অন্যায়ভাবে পুলিশের হেফাজতে 'হত্যা' করা হয়েছে। এর বিচার দাবি করে 'জুলুমবাজ' সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান বক্তারা।
পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ার ১৫ দিন পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই বিএনপি সমর্থক আইনজীবী। তার স্ত্রীর অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিল।
নগর বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।
অন্যদের মধ্যে উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ফজলুল হক, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, বন্দর থানার সভাপতি এম এ আজিজ, যুবদল নেতা কাজী বেলাল, নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নাসিমন ভবন থেকে কাজীর দেউরি মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৫২ ঘ.
bdnews24