২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-বিচারপতিদের আয়করের প্রজ্ঞাপন স্থগিত

প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রীসভার সদস্য ও বিচারপতিদের বেতনের ওপর আয় কর দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকরিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রীসভার সদস্য ও বিচারপতিদের বেতনের ওপর আয় কর দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকরিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছে আদালত। অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানের একটি আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেয়। রিট আবেদনকারীর পক্ষে ড. শাহদীন মালিক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, শুনানি শেষে আদালত ৬ মাসের জন্য ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছে। আগে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য ও বিচারপতিদের বেতন আয়কর মুক্ত থাকলেও চলতি অর্থবছরের বাজেটে তাদের আয়ও করের আওতায় আনা হয়। এই পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিচারপতিদের বেতনের ওপর আয়কর দিতে বলে। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩৫২ ঘ.