খুলনা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে শ্রমিকদলের মানববন্ধনে বুধবার আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
হামলায় বিএনপি ও শ্রমিকদলের অন্তত ২০/২৫ জন নেতা-কর্মী আহত হয় বলে বিএনপি দাবি করেছে।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।
আহতদের মধ্যে রয়েছেন খালিশপুর থানা বিএনপি সভাপতি ফজলে হালিম লিটন, যুবদল নেতা জাহিদ হোসেন রিপন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, ছাত্রদল কর্মী মামুন, শ্রমিক মো. খোকন ও বারেক হাওলাদার।
তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বেলা ১১টার দিকে শিল্পাঞ্চলের হার্ডবোর্ড মিল গেটে বকেয়া মজুরীসহ ঈদ বোনাস প্রদান এবং মিল চালুর দাবিতে শ্রমিকদল সমর্থিত শ্রমিকরা মানববন্ধন পালন করছিল।
কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা মোহাম্মদ হোসেন বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগের ৩০/৪০ জন নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকদলের নেতা-কর্মীদের ব্যানার কেড়ে নেয় এবং লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।
হামলার অভিযোগ অস্বীকার করে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোর্শেদ আহমেদ মনি জানান, মানববন্ধনকারীদের প্রতিপক্ষ শ্রমিকদের একটি গ্রুপ এই কর্মসূচির বিরুদ্ধে শ্লোগান দিলে শ্রমিকদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
খালিশপুর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ সাংবাদিকদের জানান, শ্রমিকদলের মানববন্ধনে সামান্য গ-গোলের কথা তিনি শুনেছেন। তবে আওয়ামী লীগের কেউ হামলা করেছে কি না তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/০০১১ ঘ.
bdnews24