ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর 'মৃত্যু কামনা' করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমীন খন্দকারকে তলব করেছে হাইকোর্ট।
আগামী ১৭ অক্টোবর তাকে আদালতে হাজির হতে হবে। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে নোটিশ জারি করতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল বর্তমানে শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়ায় রয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, "ওই শিক্ষক যে বিদেশে রয়েছেন, এ বিষয়টি আজ আমি আদালতকে অবহিত করি। এরপর আদালত নতুন এই নির্দেশ দেন।"
এর আগে 'ওই শিক্ষকের বিরুদ্ধে কেন ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না'- তা জানতে চেয়ে ১৮ অগাস্ট একটি রুল জারি করে হাইকোর্টের একই বেঞ্চ।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালককে এর জবাব দিতে বলা হয়।
গত ১৩ অগাস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যু হয়।
ওই দিন রুহুল তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন 'পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ফল- তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?'
ওই স্ট্যাটাস নিয়ে ১৮ অগাস্ট একটি জাতীয় দৈনিকে 'জাবির জামায়াতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ আদালতের নজরে আনার পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
ওই স্ট্যাটাসের কারণে রুহুল আমীনের অপসারণ দাবি করে ১৭ ও ১৮ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।
এছাড়া বিষয়টি তদন্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়।
২০০৮ সালে অস্থায়ী ভিত্তিতে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান রুহুল আমিন। ২০০৯ সাল থেকে তিনি শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়া রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩৪৯ ঘ.
bdnews24