ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড মামলার রায় আগে থেকে ঠিক করা রয়েছে বলে দাবি করেছে বিএনপি। ওই বিষয়ে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে জড়ানো হয়েছে। বিচারের আগে প্রধানমন্ত্রী ঘটনার সঙ্গে বিএনপি জড়িত বলে বক্তব্য দিয়েছেন।
"একটি 'সাবজুডিস' বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে আদালতকে সরাসরি প্রভাবিত করেছেন। তাই আমরা আশঙ্কা করছি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নির্ধারিত হয়ে আছে।"
২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তে আসামি করা হয়েছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ কয়েকজন বিএনপি নেতাকে। বিএনপির দাবি, তারেককে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
মির্জা ফখরুল সম্পূরক অভিযোগপত্রটি প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন, যদিও বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ওই মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ রয়েছে।
বিএনপি নেতা বলেন, ২১ আগস্ট মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না।
এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তারেককে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় আদালত। তবে বিদেশে অবস্থানরত তারেক এতে সাড়া দেননি।
ফখরুল বলেন, "তারেক রহমানসহ বিএনপি নেতাদের আগামী নির্বাচনে আযোগ্য ঘোষণা করতে সরকার এ মামলাটি তাড়াহুড়া করে শেষ করতে চায়। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই তা স্পষ্ট হয়ে উঠেছে।"
২১ অগাস্টের হামলার বার্ষিকীতে রোববার প্রধানমন্ত্রী বলেছিলেন, বিএনপির মদদে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিলো। এ হামলার বিচার হবে। রায় বাংলার মাটিতেই কার্যকর হবে।
ফখরুল বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটা প্রমাণিত হয়, তিনি বিচার বিভাগকে সরাসরি প্রভাবিত করছেন। যে মামলার শুনানি এখনো শুরুই হয়নি। সেখানে তিনি বলে দিচ্ছেন, রায় কার্যকর করা হবে।"
মামলার আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি গণমাধ্যমে প্রকাশ ও প্রচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চারদলীয় জোট সরকারের সময়ে তদন্ত সম্পর্কে সাবেক প্রতিমন্ত্রী ফখরুল বলেন, "সুষ্ঠু তদন্তের জন্য তখন (জোট সরকার আমলে) যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড ও যুক্তরাষ্ট্রের এফবিআইকে তদন্ত করতে ঢাকায় আনা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ ওই সব তদন্ত টিমকে সহযোগিতা করতে রাজি হয়নি।"
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, রাজিয়া ফয়েজ, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, মীর শরফত আলী সপু, আসাদুল করিম শাহিন, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24