২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের চিঠির ভুল

আলোচনা সভার আমন্ত্রিত অতিথি আমন্ত্রণপত্রের ভুল ধরিয়ে দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের জাতীয়তা নিয়েই সন্দেহ প্রকাশ করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনা সভার আমন্ত্রিত অতিথি আমন্ত্রণপত্রের ভুল ধরিয়ে দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের জাতীয়তা নিয়েই সন্দেহ প্রকাশ করলেন। ১৫ অগাস্টের ওই আলোচনা সভায় উপস্থিত সরকার সমর্থক সংগঠনটির অধিকাংশ কর্মী জাতীয় শোক দিবসের ক্রোড়পত্র না পড়ার কথা স্বীকার করলে তা নিয়েও হতাশা প্রকাশ করেন ওই অতিথি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত ওই আলোচনা সভার এ অতিথি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়েদুল কাদের। আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, "তোমাদের দাওয়াতপত্রে 'বাঙালি' বানানটি ভুল। তোমরা বাঙালি কি না, আমার সন্দেহ হচ্ছে। আবার 'ছাত্রলীগ' নামে আগে তোমরা 'ছাত্র', পরে 'লীগ'। তোমাদের আগে ছাত্র হতে হবে।" জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রশ্ন করেন, "গত শোক দিবসে পত্রিকায় প্রকাশিত ক্রোড়পত্র কারা কারা পড়েছ, হাত তোলো।" হাত তোলা কর্মীর সংখ্যা কম দেখে হতাশা প্রকাশ করে অধ্যাপক আনোয়ার বলেন, "ক্রোড়পত্রই পড় নাই; তোমরা জানবে কীভাবে? বঙ্গবন্ধুকে ঠিক মতো না জেনে, বাংলা ভাষা ঠিক মতো বলতে না পেরে তার নাম উচ্চারণ করার যুক্তিসঙ্গত অধিকার তোমাদের নেই।" "এখানে অনেক আলোচনা হয়েছে। প্রাসঙ্গিক তথ্য না দিয়ে গগনচুম্বী শব্দসম্ভার ও বায়বীয় শব্দচয়ন দিয়ে বক্তৃতা করে কোনো লাভ নেই। পড়াশুনা করে তথ্যসমৃদ্ধ আলোচনা করতে হবে", বলেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি দেওয়ার পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ অগাস্টের ঘটনা উন্মোচন করা প্রয়োজন বলে উন্মোচিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন আনোয়ারর হোসেন। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আলোচনা করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ সামাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩২ ঘ.