ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিলো হাওয়া ভবনে। আর এতে নেপথ্যে ছিলেন তারেক রহমান।
শনিবার রিপোর্টার্সর ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
২১ অগাস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে ও ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলার ঘটনাগুলোর যোগসূত্র রয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "এসব হামলার মূল পরিকল্পনা হয় হাওয়া ভবনে। সেখান থেকেই রিমোট কন্ট্রোল দিয়ে জঙ্গিদের কন্ট্রোল করা হয়েছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাওয়া ভবন থেকে এই রিমোট কন্ট্রোল চালাতেন।"
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অন্তত ২২ জন নিহত হন। স¤প্রতি মামলার অধিকতর তদন্তে এতে তারেক রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তাকেও আসামি করেছে সিআইডি। তবে বিএনপি বলছে, হয়রানির উদ্দেশ্যেই তারেককে এ মামলায় জড়ানো হয়েছে।
আইন প্রতিমন্ত্রী বলেন, "২১ অগাস্ট গ্রেনেড হামলার আগে মুফতি হান্নান তৎকালীন প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে হাওয়া ভবনে দুই দফা বৈঠক করেছিলো। অধিকতর তদন্তে সে সব বিষয় বেরিয়ে এসেছে।"
'২১ অগাস্ট গ্রেনেড হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যকর-দেশবাসীর প্রত্যাশা' শীর্ষক ওই আলোচনা সভায় কামরুল বলেন, আশা করছি সেপ্টেম্বরে এ মামলার বিচার শুরু হবে।
"এই মামলার আসামিরা অত্যন্ত প্রভাবশালী। তারা বিচারকাজ বিলম্বিত করতে নানা প্রভাব খাটানো হতে পারে। তবে আমরা আশা করছি, ২০১২ সালের মধ্যে বিচার কাজ শেষ হবে।"
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ সভার প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন।
সভায় সভাপতিত্ব করেন হেমায়েতউদ্দিন বীরবিক্রম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24