ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে নিজের দেওয়া বক্তব্যের জন্য দলীয় নেতা-কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মওদুদ আহমদ।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ হওয়ায় এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
১৫ অগাস্ট একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া মওদুদের বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবুর রহমানের সঙ্গে জিয়াউর রহমানের তুলনা হয় না। জিয়ার চেয়ে শেখ মুজিব অনেক ওপরে।
এ নিয়ে বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়। বগুড়ায় নিজের নির্বাচনী এলাকার স্থানীয় নেতা-কর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুতুল দাহ করে।
মওদুদ বলেন, "আমার বক্তব্য খণ্ডিত আকারে দুটি সংবাদপত্রে প্রকাশ হওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা হওয়াটা স্বাভাবিক। আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আশা করবো, এর ফলে ভুল বোঝাবুঝি বন্ধ হবে।"
মওদুদের বক্তব্য প্রকাশের পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, দলের নীতিনির্ধারণী ফোরামের সদস্য হয়ে এরূপ বক্তব্যে দেওয়া ঠিক হয়নি। এতে দলের ভেতরে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি করেছে।
মতিঝিলে নিজের চেম্বারে সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, "দেশ এখন চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলের সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের গণআন্দোনকে সফল করতে হবে।"
নিজের বক্তব্যের বাখ্যায় মওদুদ বলেন, "জিয়াকে খাটো করে বঙ্গবন্ধুর মর্যাদা বৃদ্ধি করা যাবে না। দেশের জন্য যার যা অবদান, তাকে সেই অবস্থানে রাখতে হবে। '৭১ সালে দেশের রাজনৈতিক শূন্যতার কঠিন সময়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ বিষয়ে কোনো বির্তকের অবকাশ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24