ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বঙ্গবন্ধু ট্রাস্ট মামলা প্রত্যাহারের পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিরোধীদলীয় নেতাকে ভয় দেখাতে নতুন এ মামলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ভয় দেখিয়ে খালেদা জিয়াকে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সোমবার দুর্নীতি দমন কমিশন বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে মামলা করে।
এর প্রতিবাদে বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে ফখরুল বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি মিথ্যা। তাকে ভয় দেখাতেই এ মামলা দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণাদি থাকা সত্ত্বেও কীভাবে সেই একই ধরনের মামলা প্রত্যাহার হলো।"
"আমরা শুনেছি, বঙ্গবন্ধু স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টে ৩০০ কোটি টাকা জমা রয়েছে। ব্যবসায়ী নূর আলী সাহেব ওই তহবিলে চেকে অর্থ দিয়েছেন বলে শেখ সেলিম সাক্ষ্য দিয়েছেন। এরকম মামলা কীভাবে প্রত্যাহার হয়", বলেন তিনি।
ফখরুল বলেন, দেশে দ্বৈতনীতি চলছে। একদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার তো হয়নি। উল্টো নতুন করে মামলা দেওয়া হচ্ছে।"
মামলা প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "খালেদা জিয়াকে ভয় দেখাতে এ মামলা করা হয়েছে। এতে কোনো লাভ হবে না। অতীতে এরশাদ, ফখরুদ্দীন-মইনুদ্দিনও অনেক ভয়ভীতি দেখিয়েছিলো। লাভ হয়নি।"
মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম নিরব, শরফত আলী সপু, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24