২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বন্দ্ব মেনে নেওয়া যায় না: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এমপির সঙ্গে স্থানীয় নেতা ও উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব মেনে নেওয়া যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ময়মনসিংহ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এমপির সঙ্গে স্থানীয় নেতা ও উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব মেনে নেওয়া যায় না। শুক্রবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনাসিয়ামে আওয়ামী লীগের কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ওই কর্মীসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে বিকেলে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সমর্থকদের সংঘর্ষে ১১ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এর আগে বুধবার চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের উপস্থিতিতে বিবাদমান দুই পক্ষের নেতাদের পাল্টাপাল্টি শ্লোগানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নেতা-কর্মীদের থামাতে ব্যর্থ হয়ে সেদিন সাহারা প্রশ্ন তোলেন- "তোমরা কেমন আওয়ামী লীগ?" ময়মনসিংহের মাটিকে আওয়ামী লীগের দুর্গ উল্লেখ করে আশরাফ শুক্রবারের কর্মী সম্মেলনে বলেন, এ দুর্গে ফাটল ধরানোর কোনো চেষ্টা বরদাশত করা হবে না। "এমপি-নেতায় দ্বন্দ্ব, এমপির সাথে উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব-এগুলো মেনে নেওয়া যায় না।" সব দ্বন্দ্ব ও বিভেদের ঊর্ধ্বে উঠে দলকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। আশরাফ বলেন, "যারা যোগ্য, যারা দলের আন্দোলন সংগ্রামে আছেন, দলে তারা সময়মতোই উপযুক্ত স্থান পাবেন। এ জন্য অস্থির হলে চলবে না।" ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, হুইপ ও যুবলীগ সাধারণ সম্পাদক মীর্জা আজম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০২৮ ঘ.