চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের উপস্থিতিতে বিবদমান দুই পক্ষের নেতাদের পাল্টাপাল্টি শ্লোগান আর চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কর্মী সমাবেশ করেছে চট্টগ্রাম আওয়ামী লীগ।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে নগরীর মুসলিম হলে এ সমাবেশের আয়োজন করে।
সভার প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বার বার চেষ্টা করেও নেতা-কর্মীদের পাল্টাপাল্টি শ্লোগান দেওয়া থেকে বিরত রাখতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "আমি যখন জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি- তখন তোমরা শ্লোগান আর হাততালি দিচ্ছ। তোমরা কেমন আওয়ামী লীগ?"
বিকাল সাড়ে ৩টায় সভার শুরু থেকেই মুসলিম হলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চট্টগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা মহিউদ্দিন চৌধুরী ও আফসারুল আমীনের অনুসারীরা সমাবেশস্থলে অবস্থান নিয়ে দুই নেতার পক্ষে শ্লোগান দিতে থাকেন।
তাদের পরস্পরবিরোধী শ্লোগানের কারণে কোনো বক্তাই ঠিকমতো বক্তব্য দিতে পারেননি। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন তার বক্তব্য শেষ না করেই সরে যান। বিরক্ত হয়ে সমাবেশের মাঝপথেই চলে যান উত্তর জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
'আওয়ামী লীগের কর্মী সমাবেশ' বলা হলেও সমাবেশস্থলে উপস্থিত অধিকাংশই ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মী। সাহার খাতুনের বক্তব্য চলাকালে কয়েকজন বিশৃঙ্খল কর্মী মঞ্চেও উঠে পড়েন।
দুই পক্ষের নেতৃত্বদানকারী নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ডা. আফসারুল আমীন বিশৃঙ্খলা চলাকালে মঞ্চেই ছিলেন। তারা কয়েকবার চেষ্টা করেও শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হন।
'বিরোধী দল হাসি-তামাশা করবে'
সমাবেশ চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দুইবার দাঁড়িয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পাল্টাপাল্টি শ্লোগানের মধ্যেই জাতির জনক, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন।
প্রথম দফার তিরস্কারে কাজ না হওয়ায় নেতাদের বক্তব্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন সাহারা। এ সময় পরিস্থিতি কিছুক্ষণ শান্ত থাকলেও পরে আবার শ্লোগান শুরু হয়।
সাহারা খাতুন বলেন, "ভেবেছিলাম গত আড়াই বছরে সরকারের সাফল্যের কথা বলব। কিন্তু আপনাদের কারণে তা বলতে পারছি না। দলনেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বলতে হবে- এখানে কার কার নামে শ্লোগান হচ্ছে।"
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "দুই ভাইয়ের পক্ষে সমর্থন দিতেই পারেন। কিন্তু এভাবে বিশৃঙ্খলা করা শোভনীয় নয়। আমরা সুশৃঙ্খল না হলে বিরোধী দল আমাদের নিয়ে হাসি তামাশা করবে।"
দলীয় নেতাদের হুঁশিয়ার করে সাহারা বলেন, "মনে রাখতে হবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী। আমার দলের লোক যদি বিশৃঙ্খলা করে- তা আমি সহ্য করব না।"
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বক্তব্য শুরু করলে আফসারুলের অনুসারীরা চেয়ারে দাঁড়িয়ে এবং মঞ্চের সামনে থাকা মহিউদ্দিনের অনুসারীরা দাঁড়িয়ে শ্লোগান ও হাততালি দিতে শুরু করে।
সাহারা খাতুন নিজের আসন ছেড়ে দাাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "থাম, কি পাইছ তোমরা।" তার এ কথার পর শ্লোগান ওঠে 'শেখ হাসিনা, শেখ হাসিনা'।
মোসলেম উদ্দিনের বক্তব্যের পর নগর কমিটির সভাপতি কাজী ইনামুল হক দানু বক্তব্য দিতে শুরু করলে আবারো বিশৃঙ্খলা শুরু হয়। সাহারা খাতুন ও মহিউদ্দিন চৌধুরী আবারো দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এরপর আফসারুল আমীন ও মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দিতে এসে নেতাকর্মীদের শ্লোগান বন্ধ করার অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি। আফসারুলের বক্তব্যের সময় শ্লোগান কিছুটা কম থাকলেও মহিউদ্দিনের সময় পাল্টাপাল্টি শ্লোগান চলতে থাকে পুরোদমে।
সাহারা খাতুন প্রধান অতিথির বক্তব্য শুরু করলে সমাবেশস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মঞ্চের সামনে থাকা কয়েকজন কর্মী মঞ্চে ওঠার চেষ্টা করেন।
এ সময় সাংসদ এম এ লতিফ, মহিউদ্দিন চৌধুরী, আফসারুল আমীন ও সমাবেশের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু একসঙ্গে দাঁড়িয়ে নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।
আখতারুজ্জামান বাবু নেতাকর্মীদের বলেন, "তোমরা জান না, আমরা কি অবস্থায় আছি। আজ তোমরা বঙ্গবন্ধুর প্রতি নিজেদের আনুগত্যকেই প্রশ্নবিদ্ধ করলে। শেখ হাসিনা যদি বাদ দেন তবে বাবু, মোশাররফ, আফসারুল, মহিউদ্দিন সবাই জিরো।"
মহিউদ্দিন ও আফসারুলের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি গত অক্টোবরে প্রকাশ্যে এলে ২৬ ফেব্র"য়ারি চট্টগ্রামের নেতাদের নিয়ে বৈঠক করেন শেখ হাসিনা। তিনি দলের তিন জ্যেষ্ঠ নেতাকে সমঝোতার দায়িত্ব দিলেও তারা ব্যর্থ হন।
এরপর থেকেই আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন এ দুই নেতার অনুসারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২৩২৯ ঘ.
bdnews24