২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে জামায়াত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপনের দাবিতে আগামী ৬ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপনের দাবিতে আগামী ৬ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করছে জামায়াতে ইসলামী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরদিন রোববার মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রায় একই সময়ে বিএনপিও ওই দুদিন হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াত দলের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তার অন্য নেতাদের মুক্তির দাবিও জানিয়েছে। সংবিধান সংশোধনের প্রতিবাদ জানিয়ে আজহার বলেন, "বিরোধী দলের মতামতের তোয়াক্কা না করে সরকার গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করেছে। "সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি বাদ দিয়ে 'সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা' প্রতিস্থাপন করা হয়েছে।" আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না এ মন্তব্য করে তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের অবস্থান অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ সরকার বিরোধী দলের আন্দোলনকে অত্যন্ত নিষ্ঠুর ও ফ্যাসিবাদী কায়দায় দমন করে চলেছে। এর মাধ্যমে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।" "এ সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ ততই ক্ষতিগ্রস্ত হবে", বলেন তিনি। দেশব্যাপী হরতালের এ কর্মসূচি সফল করে সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে দলের নেতাকর্মীসহ দেশবাসীর সহাযোগিতা চেয়েছেন জামায়াতের সেক্রেটারী জেনারেল। হরতাল চলাকালে অ্যাম্বুলেন্স, সাংবাদিকদের গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৩৩০ ঘ.