নড়াইল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নে একটি কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ার জেরে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এ সময় ৫/৭টি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।
এছাড়া দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত এ সংঘর্ষ হয় বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।
নড়াইলের জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নলামারা কেন্দ্রে ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী ফোরকান মোল্লা ও আব্দুল ওহাবের সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।
সংবাদ পেয়ে তাদের উদ্ধার করতে অতিরিক্ত পুলিশ পাঠানো হলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িসহ নির্বাচনী কাজে নিয়োজিত ৫/৭টি গাড়ি ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
কালিয়া উপজেলার নড়াগাতি থানার ওসি সাইদুর রহমান জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থী ফোরকান মোল্লা ও আব্দুল ওহাবকে আটক করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বার জানান, ঘটনাস্থলে ফলাফল টানিয়ে তারা নিরাপদে উপজেলা সদরে পৌঁছেছেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গুলিবর্ষণের কথা নিশ্চিত করেছেন। তবে কত রাউন্ড গুলি করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24