২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে ব্যালট ছিনতাই, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে এক ইউপি সদস্যের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে এক ইউপি সদস্যের সমর্থকরা। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত নারী সদস্য পদে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে উপজেলার দলদলী ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলার জিন্নাহনগর গ্রামের শামসুদ্দীনের ছেলে বাইরুল ইসলাম (২৫), রেজাউল ইসলামের ছেলে জেন্টু (২০) ও মিজানুর রহমান (১৮)। বুধবার ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। ভোলাহাট থানার ওসি শহীদ সোহরাওয়ার্দ্দী সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণভাবে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। কিন্তু পরাজয় আঁচ করতে পেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্র্রার্থী আরজেদ আলী ভুট্টুর নেতৃত্বে তার শতাধিক সমর্থক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়। ওসি জানান, হামলাকারীরা ভোটকেন্দ্রের দোতলার দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে নির্বাচনী কর্মকর্তাদের মারধর করে এবং ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় তারা ছয়-সাতশ' ব্যালট পেপার বিদ্যালয় চত্বরে ফেলে যায়। পরে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৩টার দিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ৪ হাজার ৭৭৮টি ব্যালট পেপার ছিনতাই হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালের দিকে এলাকার বিভিন্ন আম বাগান থেকে কিছু ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ঘটনার পর ওই কেন্দ্রের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ফলাফল স্থগিত করা হয়। তবে চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণার ক্ষেত্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা কোনো প্রভাব ফেলবে না বলে জানান ইউএনও। কারণ, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যে পরিমাণ ভোট রয়েছে বিজয়ী প্রার্থী তার চেয়ে বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এ ঘটনায় ভোলাহাট থানায় দু'টি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৬ ঘ.