২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকট্রনিক ভোটিং আপাতত নয়: জাতীয় পার্টি

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা আপাতত চালু না করার সুপারিশ করেছে জাতীয় পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা আপাতত চালু না করার সুপারিশ করেছে জাতীয় পার্টি। তারা বলেছে, স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালুর পর তা জাতীয় নির্বাচনে চালু করার কথা বিবেচনা করা যেতে পারে। বুধবার বিকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্ধারিত সংলাপে সূচনা বক্তব্যে দলের চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ এই সুপরিশ করেন। তিনি বলেন, বড় একটি দল ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি না করে দিয়েছে। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ইলেকট্রনিক ভোটিং চালু করলে তা আগে স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে করা যায়। জাতীয় নির্বাচনের আগে আরো পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে এখনো অনেকের ধারণা নেই বলে উল্লেখ করেন সাবেক এই রাষ্ট্রপ্রতি। নির্বাচনী আইনের সংস্কারসহ অধিকাংশ বিষয়ে তিনি একমত পোষণ করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি নেতা এরশাদ লিখিত বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা আপাতত চালু না করার জন্য আমরা সুপারিশ করছি। স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুর পর তা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার তাগিদ দিয়ে জাপা চেয়ারম্যান জানান, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন করা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার সুযোগ নেই। এ অবস্থায় স্বাধীন ও শক্তিশালী ইসি গঠন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। ডিসিদের বাদ এরশাদ জানান, জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার ব্যবস্থা বাতিল করতে হবে। এক্ষেত্রে উপ সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগের সুপারিশ রয়েছে তার। এছাড়া পুলিশ, আনসার, সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের নির্বাচনী কাজে লাগানোর জন্য ইসির নির্বাহী ক্ষমতা থাকতে হবে বলে মত দেন তিনি। নির্বাচনী আইনের আরো সংস্কার দাবি দলীয় মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের সঙ্গে অন্তত তিন বছর সম্পৃক্ত থাকার বাধ্যবাধকতার বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশে বাদ দেওয়ার সুপারিশ করে জাপা। এছাড়া জামানতের টাকা ২০ হাজার ও নির্বাচনী ব্যয় অনধিক ২৫ লাখ করার প্রস্তাব দেয়। জনসংখ্যার আধিক্যের কারণে সংসদীয় আসন ৩৫০ করা, দলীয় ভিত্তিতে নির্বাচন (প্রার্থীকে নয়, দলকে ভোট) করে ভোটের ভিত্তিতে দলের সংসদ সদস্য নির্বাচন করা, দলের কোনো প্রতিনিধির মৃত্যু হলে উপনির্বাচন না দিয়ে বরং সংশ্লিষ্ট দলের প্রার্থী তালিকা থেকে ইসিকে সংসদ প্রতিনিধি ঘোষণা নির্বাচিত করার প্রস্তাব দেয় জাতীয় পার্টি। জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বেসামরিক বিমান মন্ত্রী জি এম কাদের, সাংসদ মুবিজুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ, ফিরোজ রশীদসহ ৯ সদস্যের প্রতিনিধি অংশ নেন সংলাপে। এসময় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার নেতৃত্বে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত, সচিব মোহাম্মদ সাদিক, বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও জামায়াতে ইসলামীর সংলাপে বসার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৭৩০ ঘ.