ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেজন্যই মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্য আলোচনা সভায় অংশ নিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবির পক্ষে যুক্তি তুলে ধরলেন ফখরুল।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে মহিলা দলের আলোচনা সভায় ফখরুল বলেন, "দেশে আইনের শাসন নেই। জীবনের কোনো নিরাপত্তা নেই। গুণী নাগরিকরা প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছেন। আমরা এক জঙ্গলে বাস করছি।"
"নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বার বার বাড়ছে। গ্যাস, বিদ্যুৎ, পানি সঙ্কট প্রকট থেকে প্রকটতর হচ্ছে। তার সমাধানে কোনো উদ্যোগ নেই। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ ও অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তাই আমরা মধ্যবর্তী নির্বাচন দাবি করেছি", বলেন তিনি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বুধবার রাতের বৈঠকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করে। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ায় পদটি শূন্য হয়।
ফখরুল বক্তব্যের শুরুতে নেতা-কর্মী-সমর্থকদের কাছে দোয়া চেয়ে বলেন, "দল ও নেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।"
আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
'মহান স্বাধীনতা ও শহীদ জিয়া' শীর্ষক ওই আলোচনা সভায় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে ফখরুল বলেন, মানুষের মন থেকে জিয়াকে মুছে ফেলা যাবে না।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের উপদেষ্টা রহিমা খন্দকার, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা কামরুন্নাহার জাফর, রাবেয়া সিরাজ, সফুরা খাতুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24