ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের হরতালে প্রকাশ্যে সমর্থন না দিলেও বিএনপি মঙ্গলবার বলেছে, বিএনপি নয়, গোটা জাতি ওই হরতালের পক্ষে ছিলো।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বলেন, আমিনী সাহেবের ডাকে সোমবারের হরতালে বিএনপি নয়, গোটা দেশের ধর্মপ্রাণ মানুষের সমর্থন ছিলো। এদেশের শতকরা ৯৫ ভাগ মানুষ ধর্মপ্রাণ মুসলমান। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তা জনগন মেনে নেবে না।
"আমিনী সাহেবের ডাকা হরতাল নিয়ে সৈয়দ আশরাফ সাহেব যে ভাষায় কথা বলেছেন, তা রাজনীতির ভাষা নয়। ওই হরতাল দেখে এখন ভারসাম্য হারিয়ে তিনি বলেছেন হরতালের নেপথ্যে বিএনপি-জামায়াত জোট জড়িত।"
নারী উন্নয়ন নীতি ২০১১-এর প্রতিবাদে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার (৪ এপ্রিল) হরতাল পালনের ডাক দেন ফজলুল হক আমিনী। ওই হরতালে সমর্থন বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি বিএনপি।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এই হরতাল আমিনীর নয়। এটি বিএনপি-জামায়াতের। কৌশলগত কারণে আমিনীকে ব্যবহার করা হয়েছে। আমিনীকে প্রক্সি হিসাবে ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে যুবদলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির ব্যাখ্যা দাবি করেন।
সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ, মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৪ ঘ.
bdnews24