২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক ষড়যন্ত্রমূলক'

দেশের ইতিহাস মুছে ফেলার জন্য ষড়যন্ত্রমূলকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস মুছে ফেলার জন্য ষড়যন্ত্রমূলকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপার্ক নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। তিনি বলেছেন, হাইকোর্টের নির্দেশনা অনুসারে অন্য জায়গায় শিশুপার্ক নির্মাণ করে বর্তমান শিশুপার্কটি ভেঙে ফেলা হবে। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের অংশ বিশেষ উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "৭ মার্চের ভাষণ আর ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের স্থানে পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে এ শিশুপার্ক।" তাজুল বলেন, "শিশুদের মনোজগতের বিকাশের জন্য যে সব বিষয় থাকা দরকার এই শিশুপার্কে তা নেই। এ শিশুপার্ক ভেঙে যেটি নির্মাণ করা হবে তাতে শিশুদের মনোজগতের বিকাশের সব ধরনের উপাদান থাকবে।" একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার না হলে আর কখনো করা সম্ভব হবে না।" "যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। তারা এখন নানা রকম ষড়যন্ত্র করছে," যোগ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে এটা কখনোই করা সম্ভব হবে না।" দেশকে এসব ষড়যন্ত্র থেকে মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাঙালি জাতির 'অস্তিত্ব রক্ষায়' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বর্ণনা দিয়ে সাজেদা চৌধুরী বলেন, "বঙ্গবন্ধুকে নিয়ে যত আলোচনা হয়েছে, যত বই লেখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো নেতাকে নিয়ে এ রকম হয়নি।" সাজেদা চৌধুরী পরে ফিতা কেটে স্বাধীনতা স্তম্ভের ফলক উদ্বোধন করেন এবং স্তম্ভের নিচে জাদুঘর ও অডিটোরিয়াম ঘুরে দেখেন। এ সময় অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শেষে স্বাধীনতা স্তম্ভের মঞ্চে 'বাংলাদেশের হৃদয় হতে' শীর্ষক 'লাইট ও সাউন্ড শো'র আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৫৪ ঘ.