ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
মঙ্গলবার শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, মার্চ মাসের শেষ দিকে ও মে মাস জুড়ে বিভাগওয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ মাসে এসএসসি পরীক্ষা, মার্চের ১৯ তারিখ পর্যন্ত আদম শুমারি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দুই পর্বে করার পরিকল্পনা নিয়েছে কমিশন।
কমিশন জানায়, মার্চের শেষ দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা (চট্টগ্রাম, খুলনা ও বরিশাল) ও মে মাসে দেশের অন্য সব বিভাগে এ নির্বাচন হবে।
ছহুল হোসাইন জানান, প্রথা অনুযায়ী ভোটগ্রহণের ৩৫ থেকে ৪০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫০৪টি। এর মধ্যে নির্বাচনের মেয়াদোত্তীর্ণ হয়েছে ৪ হাজার ২২৮টিতে। অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় প্রায় দেড় যুগ ধরে নির্বাচন হয়নি।
সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চে এ নির্বাচন হয়।
ভোটার স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে ছহুল বলেন, "বর্তমানে ভোটার স্থানান্তর প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে ভোটার তালিকা নির্বাচনী এলাকায় পাঠানোর কাজ চলছে। নতুন করে ভোটার স্থানান্তর করলে ঝামেলার সৃষ্টি হবে।"
হলফনামা দিতে হবে না
জাতীয় সংসদ, সিটি করপোরেশন এবং পৌর নির্বাচনের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের হলফনামা জমা দিতে হবে না বলে জানান ছহুল হোসাইন।
তিনি জানান, চেয়ারম্যানদের নির্বাচনী ব্যয় নির্বাহ করতে ব্যাংক হিসাব খুলতে হবে এবং মনোনয়নপত্রের সঙ্গে ব্যাংক হিসাবের নম্বর জমা দিতে হবে। মেম্বারদের ব্যাংক হিসাব খুলতে হবে না।
"তবে মেম্বারদের মনোনয়নপত্রের সঙ্গে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। নির্বাচনী এজেন্টদের ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে ছবিসহ তালিকা প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে", বলেন তিনি।
প্রচারণায় যা নিষিদ্ধ
ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হয়েছে। জাতীয় ও পৌর নির্বাচনের মত ইউপি নির্বাচনেও মিছিল, মিটিং, জনসভা নিষিদ্ধ থাকবে।
প্রার্থীরা শুধু পথসভা ও ঘরোয়া সভা করতে পারবেন। ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা চালানো যাবে। প্রার্থী বা তার পক্ষের কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না।
দেয়াল লিখন, তোরণ নির্মাণ, গেট তৈরী, আলোকসজ্জা করতে পারবে না। সাদা-কালো পোস্টার ছাপানো যাবে এবং কোন প্রিন্টিং প্রেস থেকে ছাপানো হয়েছে তা উল্লেখ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24