২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে সমাবেশ শুরু মহাজোটের

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং বিএনপি-জামায়াতে জোটের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন মহাজোটের সমাবেশ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং বিএনপি-জামায়াতে জোটের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন মহাজোটের সমাবেশ শুরু হয়েছে। ‘শিখা চিরন্তন’র সামনে বৃহস্পতিবারের এই সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে মহাজোটের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছে নেতাকর্মীরা। বিকাল সাড়ে ৩টার দিকে সমাবেশ শুরুর ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, “জয় বাংলা ধ্বনি দিয়ে স্বাধীনতা এনেছি, জয় বাংলা ধ্বনি দিয়েই রাজাকারদের বিচার করবো।” তিনি বলেন, “রাজাকাররা এখনো ষড়যন্ত্র করছে। এখনো তারা বহু হত্যাকণ্ড ঘটিয়ে যাচ্ছে। এদের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। এই (যুদ্ধাপরাধের) বিচার ত্বরান্বিত করার জন্যই আমরা এখানে হাজির হয়েছি।” সাজেদার সভাপতিত্বে সভার শুরুতেই প্রয়াত আওয়ামী নেতা আব্দুর রাজ্জাকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুপুর থেকে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশ শুরুর পরও মিছিল আসছে। সমাবেশ মঞ্চে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, মেজবাউদ্দিন সিরাজ, আব্দুল আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, এ বি তাজুল ইসলাম প্রমুখ। মহাজোট শরিক দলগুলোর মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। ঢাকার সংসদ সদস্যরাও সমাবেশ মঞ্চে রয়েছেন। গত এক সপ্তাহে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। মহাজোটের পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবিও যুগপৎভাবে এই দাবিতে বৃহস্পতিবার কর্মসূচি পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬১৪ ঘ.