২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জেরা শেষ

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ষষ্ঠ সাক্ষী মানিক পশারীর জেরা শেষ করেছে অভিযুক্তের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ষষ্ঠ সাক্ষী মানিক পশারীর জেরা শেষ করেছে অভিযুক্তের আইনজীবীরা। বুধবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে পশারীকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মিজানুর রহমান ও মঞ্জুর আহমেদ আনসারী। মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন ৬৫ বছর বয়সী মানিক পশারী। মিজানুর রহমান জেরার শুরুতেই পশারির কাছে জানতে চান, মুক্তিযুদ্ধের সময় তার বাড়িতে অগ্নিসংযোগের সময় তার কী পরিমাণ সম্পদ ছিলো। সাক্ষী পশারী তা বর্ণনা করলে এর মূল্যমান জানতে চান আইনজীবী। তবে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। পশারীকে তার বাবার জমি জমা এবং অন্যান্য সম্পত্তি সম্বন্ধে জিজ্ঞেস করা হলে পিরোজপুর ছাড়াও খুলনা জেলাতেও তার বাবার জমি আছে তিনি জানান। পশারীর বাবা ১৯৯০ সালের পরে সাঈদীকে খুলনার বাড়িতে দাওয়াত করে খাইয়েছিলেন বলে আইনজীবী দাবি করলে তিনি প্রথমে বলেন, “এটা মিথ্যা কথা।”। পরক্ষণেই তিনি বলেন, “জানি না।” জেরার এক পর্যায়ে সাক্ষী জানান, তিনি মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে আবেদন করেছেন। সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ না করেও এই আবেদনের পক্ষে তিনি যুক্তি দেখান, “আমি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলাম। তাদের খাইয়েছি, আশ্রয় দিয়েছি। এই কারণে সহযোগী হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি।” বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বলেও আদালতকে জানান সাক্ষী। পশারী জানান, ২০০৯ সালে তিনি পিরোজপুর আদালতে সাঈদীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। একাত্তরের ঘটনার আলামতগুলো সাজানো কি না, আইনজীবীররা প্রশ্ন করলে সাক্ষী বলেন, “আমার বাড়িতে এখনো পোড়া ইট রয়েছে।” আইজীবী মঞ্জুর মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দির সঙ্গে সাক্ষীর আদালতে দেওয়া জবানবন্দির মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলে তুলে ধরেন। তখন পশারী বলেন, “আমি আদালতে যা বলেছি, সত্য বলেছি। নতুনভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তিসহ অন্যান্য সরকারি সুবিধা লাভের আশায় মিথ্যা সাক্ষী দিয়েছি, একথা সত্য নয়।” পশারীর জেরা শেষ হলে আদালতের কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি হয়। একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গঠিত এই ট্রাইব্যুনালে সাঈদীই প্রথম অভিযুক্ত। তার বিরুদ্ধে মানবতাবিরোধী ২০টি অপরাধের অভিযোগ তোলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০১৩ ঘ.