ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সিপিবি।
“আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিন্ন নদীর পানিপ্রবাহে বাঁধ দেওয়া অবৈধ” উল্লেখ করে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সমাবেশে বলেন, “ভারত সরকার প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। আমরা ভারতের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি টিপাইমুখে বাঁধ নির্মাণে ভারত সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
টিপাইমুখ বাঁধ প্রকল্প প্রত্যাহার করা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান। এছাড়া দলটির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, মন্টু ঘোষ, শহীদুল্লাহ চৌধুরী, শাহাদাৎ হোসেন এবং আসাদুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।
একই সময়ে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে গণতান্ত্রিক বাম মোর্চা। এতে উপস্থিত ছিলেন বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, মহিউদ্দিন চৌধুরী লিটন এবং সাইফুল হক প্রমুখ।
ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে গত ২২ অক্টোবর নয়া দিল্লিতে কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার সঙ্গে চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। বিষয়টি গণমাধ্যমে আসে এর পরের মাসে।
বাংলাদেশ সরকার ও বিরোধী দলের জিজ্ঞাসার জবাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু করবে না ভারত।
ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশে ২০০৮-২০০৯ সালেও তীব্র প্রতিক্রিয়া হয়। ২০০৯ সালের অগাস্টে একটি সংসদীয় প্রতিনিধি দল পরিস্থিতি পর্যবেক্ষণে মণিপুর গেলেও বিরূপ আবহাওয়ার কারণে দলটি প্রকল্পস্থল পরিদর্শন করতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়বে।
টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করেছেন মণিপুরের গবেষক ও পরিবেশবিদরাও।
তাছাড়া মণিপুরের ওই এলাকাটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ায় ভূতত্ত্ববিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, টিপাইমুখে বাঁধ দেওয়ার পর সেটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে আসাম ও বাংলাদেশের বড় ধরনের ক্ষতি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২০৪৭ ঘ.
bdnews24