২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চে বাধা দিলে দায় সরকারের: আনোয়ার

বিএনপি চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শান্তিপূর্ণভাবে শেষ করতে চায় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, রোড মার্চে বাধা সৃষ্টি করলে তার দায় সরকারকেই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শান্তিপূর্ণভাবে শেষ করতে চায় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, রোড মার্চে বাধা সৃষ্টি করলে তার দায় সরকারকেই নিতে হবে। সোমবার বন্দর নগরীর একটি হোটেলে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চ উপলক্ষে আয়েজিত বিভাগীয় প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আগামী ৮-৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শেষে সমাবেশ হবে চট্টগ্রামে। তবে চট্টগ্রামে ওই সমাবেশের স্থান এখনো ঠিক হয়নি। বিএনপির আগের তিনটি রোড মার্চ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সেগুলির অনেক ক্ষেত্রে সরকারের সহযোগিতা ছিলো বলে উল্লেখ করেন আনোয়ার। “দেশের মানুষের মুক্তি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়া এ রোড মার্চ কর্মসূচি করছে,” বলেন তিনি। সকাল ১০টা থেকে নগরীর স্টেশন রোডে অবস্থিত এশিয়ান এস আর হোটেল মিলনায়তনে চট্টগ্রামের রোড মার্চের প্রস্তুতি সভা হয়। এতে চট্টগ্রামের সাত সাংগঠনিক জেলা এবং তাদের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তাদের সমমনা দল জামায়াতে ইসলামীর নেতারাও উপস্থিত ছিলেন। সভায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান, গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয়নেতা বরকত উল্লাহ ভুলু, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমীর সাংসদ মাওলানা শামসুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে ইতিমধ্যে সিলেট, খুলনা ও রাজশাহী অভিমুখে রোড মার্চ করেছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/১৮৩৪ ঘ.