২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা: দুই দিন বিক্ষোভ করবে যুবদল

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ জানান, ২ জানুয়ারি দেশব্যাপী পৌরসভা, থানা ও উপজেলায় এবং ৪ জানুয়ারি জেলা সদরে বিক্ষোভর কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, “গত ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের পর থেকে যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সস্পাদক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে।” এছাড়া সংগঠনের সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সেলিমুজ্জামান সেলিম, ফরহাদ হোসেন আজাদ, মহানগর দক্ষিনের সভাপতি হামিদুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জম্মেল হকসহ সারাদেশে ২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ ‘মিথ্যা’ মামলা দায়ের করেছে বলেও উল্লেখ করেন তিনি। গত ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আসা কর্মীদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এরপর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটে পুড়ে মারা যান এক বাসযাত্রী। বিএনপির অভিযোগ, তাদের অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে সরকার এসব করিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজধানী অচল করে দিতে সেদিন ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক লোক জমায়েত করার পরিকল্পনা করেছিল বিএনপি। বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের আসামি করে ডজনখানেক মামলা করে পুলিশ। যুবদলের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব দলের সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ খোকন, এ কে এম নেসার উদ্দিন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েনিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৬৪৮ ঘ.