ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বৃদ্ধি, গুপ্তহত্যা এবং বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করছে বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকাসহ সবগুলো জেলায় এই কর্মসূচি হবে। সমাবেশের মাধ্যমে জেলা কমিটি এই কর্মসূচি পালন করবে।”
বেশিরভাগ জেলায় বিকালে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও কোনো কোনো জেলায় তা সকালেই হয়েছে।
বরগুনায় সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল শেষে বরগুনা প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম শানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক হাওলাদার প্রমুখ।
ঢাকায় গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ ও ২১ ডিসেম্বর গণমিছিল করতে না দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে প্রধান বিরোধী দল বিএনপি।
এর অংশ হিসেবে শনিবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। দেশের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করে বিএনপি।
এদিকে জেলায় জেলায় কর্মসূচির পরিপ্রেক্ষিতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এবং সড়কে অতিরিক্ত পুরিশ মোতায়েন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এসইউ/১৫০০ ঘ.
bdnews24