২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দ্বৈতনীতি নিয়েছে: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর কাকরাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “একদিকে বিরোধী দলকে মিছিল-মিটিং করতে দিচ্ছে না। অন্যদিকে ক্ষমতাসীনরা রাষ্ট্রের ছায়ায় মিছিল করছে। শুনেছি ২৯ ডিসেম্বরও তারা মিছিল করবে। এটা সরকারের দ্বৈতনীতির বর্হিপ্রকাশ।” কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানকে দেখতে যান মির্জা ফখরুল। রোববার রাতে দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে মতিঝিলে সন্ত্রাসীদের হাতে ইরান গুরুতর আহত হন। ইরানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, “এই হামলার মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসের আরেকটি নজির সৃষ্টি হয়েছে। তারা এভাবে বিরোধী মতকে স্তব্ধ করে দিতে চায়।” দলের বিভিন্ন কর্মসূচিতে গত কয়েক দিনের পুলিশি বাধা প্রসঙ্গে ফখরুল বলেন, “সরকার দমননীতির মাধ্যমে বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়। সরকারকে বলব, দেশে স্বাভাবিক রাজনীতির পথ রুদ্ধ করবেন না। রাজনীতির পথ বন্ধ করা হলে তার পরিণতি ভয়াবহ হবে। ফল শুভ হবে না।’’ বিএনপির বিভিন্ন কর্মসূচীতে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন,“অথচ ক্ষমতাসীনরা পুলিশের ছত্রছায়ায় মিছিল-মিটিং করছে।” তিনি দাবি করেন, গত কয়েকদিনে দলের ৪ হাজার নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকায় গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ ও ২১ ডিসেম্বর গণমিছিল করতে পুলিশ বাধা দিলেও বিএনপির দাবি, আওয়ামী ওই দুইদিনই মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪৩১ ঘ.